সৌদি আরবকে পরাজিত করে চলতি বিশ্বকাপে প্রথম জয় পেলো স্পেন। এবারের টুর্নামেন্টে শিরোপা জয়ের অন্যতম দাবিদার স্পেন প্রথম ম্যাচে কেপ ভার্দের কাছে আটকে গেলেও সৌদি আরবের বিপক্ষে ৪-০ ব্যবধানে বড় জয় তুলে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের বাহিনী। স্প্যানিশদের হয়ে জোড়া গোল করেছেন মিকেল ওয়ারজিবাল।
আটলান্টাতে অনুষ্ঠিত এই ম্যাচে খেলা শুরুর দশ মিনিটেই এগিয়ে যায় স্পেন। মিকেল ওয়ারজিবালের ক্রস থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন লামিন ইয়ামাল। এই গোলের প্রায় মিনিট দশেক বাদে এমেরিক লাপোর্তের পাস থেকে গোল করেন ওয়ারজিবাল। দ্বিতীয় গোলের উদযাপন শেষ হতে না হতেই ফের গোল করেন ওয়ারজিবাল। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন। সৌদি আরব কয়েকবার পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করলেও স্পেনের শক্তিশালী রক্ষণভাগ তাদের কোনও সুযোগই তৈরি করতে দেয়নি।
দ্বিতীয়ার্ধের মিনিট চারেক খেলা গড়ানোর পর মার্ক কুকুরেয়ারার শট সৌদি গোলরক্ষক প্রথমে প্রতিহত করলেও বলটি ডিফেন্ডার আলতামবকতির গায়ে লেগে জালে ঢুকে যায়। আত্মঘাতী গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০। শেষ পর্যন্ত এই ৪-০ লীড ধরে রেখে জয় পায় স্পেন।
গ্রুপ - এইচের অন্য ম্যাচে স্পেনের পর এবার উরুগুয়েকে আটকে দিল কেপ ভার্দে। লাতিন আমেরিকার দেশটির বিপক্ষে এই ম্যাচে ২১ মিনিটের মাথায় গোল করেন লেনিনি। কেপ ভার্দের বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল। উরুগুয়ে অবশ্য প্রথমার্ধের শেষ পর্যায়ে ম্যাক্সমিলানো আরাউজো ও কানোবিওর গোলে ব্যবধান বাড়িয়ে ফেলে। তবে চলতি বিশ্বকাপে অঘটন ঘটাতে আসা কেপ ভার্দে ৬১ মিনিটের মাথায় ভারেলার গোলে সমতা ফিরে পায়। ২-২ গোলের ড্র নিয়ে ম্যাচ শেষ হয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন