ফের জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। গড়লেন একাধিক রেকর্ডও। সুইডেন কার্যত দাঁড়াতেই পারলো না ফ্রান্সের সামনে। ৩-০ ব্যবধানে সুইডিশদের হারিয়ে হাসতে হাসতে বিশ্বকাপের 'শেষ ১৬' - তে দিদিয়ের দেশঁর বাহিনী।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে এদিন খেলা শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ফ্রান্সের। প্রথম কুড়ি মিনিটে অন্তত চারটি সুযোগ হাতে পেলেও গোলের খাতা খুলতে পারেননি এমবাপ্পেরা। এরপর আসে আরও সুযোগ। তবে ২৮ মিনিটে ডেম্বেলের শট ব্লক হয়, ৩২ মিনিটে পোস্টে মারেন এমবাপ্পে। ফ্রান্সের আক্রমণের ঝাঁঝে ক্রমশ নাস্তানাবুদ হতে থাকে সুইডিশ ডিফেন্স।
ফ্রান্স প্রথম গোলের খাতা খোলে প্রথমার্ধের একদম ৪৫ মিনিটের মাথায়। দেম্বেলের বাড়ানো বল থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে মাইকেল ওলিসের থ্রু বল পেয়ে ডান পায়ের শটে টপ লেফট কর্নার দিয়ে গোল করেন বারকোলা। ফ্রান্স লিড নেয় ২-০ ব্যবধানে। এরপর ৭৪ মিনিটে ফের গোল করেন এমবাপ্পে। মাইকেল ওলিসের বাড়ানো বল পেয়ে বাঁ দিক থেকে কোনাকুনি শটে গোল করেন ফরাসী মহাতারকা।
১৯৯৪ বিশ্বকাপে জার্মানির টমাস হ্যাসলারের পর বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি অ্যাসিস্টের (৫টি) রেকর্ড গড়েছেন মাইকেল ওলিসে। এই ম্যাচে জোড়া গোল করে নজির গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট ৬ টি গোল করে ফেললেন তিনি। বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের গোল সংখ্যা ১৮। মিরোস্লাভ ক্লোজেকে পেছনে ফেলে ফরাসী মহাতারকা এখন বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ১৯ গোল করে তাঁর সামনে রয়েছেন কেবল লিওনেল মেসি।
লিওনিদাস ও রোনালদো নাজারিওকে টপকে (৮টি গোল) বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি গোলের (১০টি) রেকর্ড এখন এমবাপ্পের। ২০১৮ বিশ্বকাপে ৩ টি (দুটি আর্জেন্টিনা ও একটি ক্রোয়েশিয়ার বিপক্ষে), ২০২২ বিশ্বকাপে ৫ টি ( দুটি পোল্যান্ড ও তিনটি আর্জেন্টিনার বিপক্ষে), ২০২৬ বিশ্বকাপে এখনও পর্যন্ত ২ টি (সুইডেনের বিপক্ষে) - নক-আউট ম্যাচে গোল করেন এমবাপ্পে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন