

ফের জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের শেষ তিন ম্যাচে এমবাপ্পে মোট গোল করলেন ৭ টি। কাতার বিশ্বকাপের ফাইনালে করেছিলেন হ্যাটট্রিক আর্জেন্টিনার বিপক্ষে। চলতি বিশ্বকাপের দুই ম্যাচে করলেন জোড়া গোল। লিওনেল মেসির সংখ্যাটাও এক। শেষ তিন ম্যাচে মেসিরও গোল সংখ্যা ৭। গতরাতে জার্মান মহাতারকা মিরোস্লাভ ক্লোজের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তী 'এলএম টেন'। ইরাকের বিরুদ্ধে জোড়া গোল করে এবার ক্লোজের পাশে বসলেন এমবাপ্পে। বিশ্বকাপে ফরাসী মহাতারকার গোলসংখ্যা এখন ১৬। ইরাককে ৩-০ গোলে হারিয়ে চলতি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স।
বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে এদিন স্থগিত করা হয় ফ্রান্স বনাম ইরাকের মধ্যকার খেলা। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবার বজ্রবিজ্যুতের জেরে কোনও ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে গেল। তবে আবহাওয়ার উন্নতির পর ফের শুরু হয় খেলা।
এই ম্যাচের ১৪ মিনিটের মাথায় মাইকেল ওলিসের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে ফরাসীরা। ৫৪ মিনিটের মাথায় দেম্বেলের পাস থেকে ইরাকের জালে ফের বল জড়ান এমবাপ্পে। এরপর ৬৬ মিনিট নাগাদ ওলিসের বাড়ানো বল কাজে লাগিয়ে দুর্দান্ত গোল করেন ওসমান দেম্বেলে।
গ্রুপ আই-এর অন্য ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে নরওয়ে। এই জয়ের সাথে সাথেই ফ্রান্সের পাশাপাশি দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছে নরওয়ে। সেনেগালের বিপক্ষে এই ম্যাচে জোড়া গোল করলেন নরওয়েজিয়ান সেনসেশন আর্লিং হলান্ড। একটি গোল করেছেন পেডারসন। সেনেগালের হয়ে দুটি গোলই করেছেন ইসমাইলা সার।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন