FIFA World Cup 2026: বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বলের হাড্ডাহাড্ডি লড়াই, তালিকায় কোন কোন তারকা?

People's Reporter: টুর্নামেন্টের শ্রেষ্ঠ ফুটবলারের লড়াইয়ে একে অপরের কাঁধে নিশ্বাস ফেলছেন একাধিক মহাতারকা। চলতি আসরে 'গোল্ডেন বল' - জয়ের লড়াইয়ে থাকা ১০ জন ফুটবলারদের নিয়েই এই প্রতিবেদন।
বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই গোল্ডেন বল-এর
বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই গোল্ডেন বল-এরছবি - ফিফা ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজ
Published on

জমে উঠেছে বিশ্বকাপের আসর। ৪৮ দলীয় টুর্নামেন্টে ৩২ দল তাদের অভিযান ইতিমধ্যেই শেষ করে ফেলেছে। শুরু হচ্ছে 'শেষ ষোলো'-র লড়াই। চলতি বিশ্বকাপে দলগত পারফর্ম্যান্সের পাশাপাশি বেশ কয়েকজন ফুটবলার আলো ছড়িয়েছেন নিজেদের দক্ষতায়। টুর্নামেন্টের শ্রেষ্ঠ ফুটবলারের লড়াইয়ে একে অপরের কাঁধে নিশ্বাস ফেলছেন একাধিক মহাতারকা। চলতি আসরে 'গোল্ডেন বল' - জয়ের লড়াইয়ে থাকা ১০ জন ফুটবলারদের নিয়েই এই প্রতিবেদন।

জুড বেলিংহ্যাম
জুড বেলিংহ্যামফাইল ছবি, দ্য স্ক্রল থেকে সংগৃহীত

জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড) : টমাস টুখেলের ইংল্যান্ডের অন্যতম প্রধান ভরসা জুড বেলিংহ্যাম। চলতি বিশ্বকাপেও রয়েছে দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। নিউজার্সিতে পানামার বিপক্ষেও একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন। শেষ বত্রিশেই ইংল্যান্ডের জয়ে বড় ভূমিকা রাখেন।

জুলিয়ান কুইনোনেস
জুলিয়ান কুইনোনেসছবি এক্স হ্যান্ডেল থেকে স্ক্রিনশট

জুলিয়ান কুইনোনেস (মেক্সিকো) : মেক্সিকোর চলতি বিশ্বকাপ অভিযানের সবচেয়ে বড় নাম জুলিয়ান কুইনোনেস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নয় মিনিটের মাথায় গোল করে তিনিই মেক্সিকোর অভিযান শুরু করেন। এরপর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আরেকটি গোল করে দলকে গ্রুপে শীর্ষস্থানে পৌঁছে দেন । কিন্তু তার সেরা পারফরম্যান্সটি আসে নক-আউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে। একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন এই ম্যাচে। ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মেক্সিকো।

ইসমায়েল সাইবারি
ইসমায়েল সাইবারিছবি এক্স হ্যান্ডেল পোষ্ট থেকে স্ক্রিনশট

ইসমায়েল সাইবারি (মরক্কো) : ২৫ বর্ষীয় মরক্কোর তারকা চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইতিমধ্যেই তিনটি গোল করে ফেলেছেন তিনি। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সাইবারির গোলেই ব্রাজিলের সাথে ড্র করে মরক্কো। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর জয়সূচক একমাত্র গোলটি আসে তাঁর পা থেকেই। তৃতীয় ম্যাচে হাইতির বিপক্ষেও একটি গোল করেন তিনি। সদ্য বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া এই মিডফিল্ডার মরক্কো দলের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছেন।

ভিনিসিয়াস জুনিয়র
ভিনিসিয়াস জুনিয়র ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল) : স্বপ্নের মতো বিশ্বকাপ খেলছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করেছেন তিনি। মরক্কোর বিপক্ষে একটি গোল, হাইতির বিপক্ষে একটি গোল এবং একটি অ্যাসিস্ট, স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল। সবমিলিয়ে রাফিনহা, নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল টিমের প্রধান অস্ত্র এই রিয়াল মাদ্রিদ তারকা। জাপান ম্যাচে গোল না পেলেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন। প্রতিপক্ষ দলের কাছে একপ্রকার ত্রাস হয়ে উঠেছেন ভিনি।

আরলিং হালান্ড
আরলিং হালান্ডছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

আর্লিং হালান্ড (নরওয়ে) : বিশ্বকাপ অভিষেকে নিজের জাত চেনাচ্ছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং ব্রুট হালান্ড। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে দুটি ম্যাচ এবং নক-আউট পর্বে আইভোরি কোস্টের বিপক্ষে খেলেছেন তিনি। তিন ম্যাচ খেলে গোল করেছেন পাঁচটি। ইরাকের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করেন হলান্ড। দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিপক্ষেও দুটি গোল করেন। আইভোরি কোস্টের বিপক্ষে রাউন্ড অব ৩২ - এর ম্যাচে শেষে জয়সূচক গোলটি করেন তিনিই।

ওসমান দেম্বেলে
ওসমান দেম্বেলেফাইল ছবি সামাজিক মাধ্যম থেকে স্ক্রিনশট

ওসমান দেম্বেলে (ফ্রান্স) : পিএসজির হয়ে টানা দুইবার চ্যাম্পিয়নস লীগ জিতেছেন ওসমানে দেম্বেলে। জিতেছেন ব্যালন ডি'অর। সেই দেম্বেলে এবার বিশ্বমঞ্চ আলোকিত করছেন নিজের জাদুতে। ইরাকের বিপক্ষে বিশ্বকাপের প্রথম গোলটি পান তিনি। পরের ম্যাচেই নরওয়ের বিপক্ষে করেন দুর্দান্ত হ্যাটট্রিক। নক-আউটে সুইডেনের বিপক্ষে গোল করতে সাহায্যও করেন। কিলিয়ান এমবাপ্পের সাথে তাঁর জুটি বিশ্বকাপ মাতিয়ে রেখেছে।

হ্যারি কেন
হ্যারি কেন ছবি খেলা ডট ইন থেকে সংগৃহীত

হ্যারি কেন (ইংল্যান্ড) : গত মরশুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৬১ গোল করে ইউরোপীয়ন গোল্ডেন বুট জিতেছিলেন ইংলিশ মহাতারকা হ্যারি কেন। বিশ্বকাপের মঞ্চেও তিনি সমান দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। পাঁচ গোল করে ফেলেছেন ইংলিশ স্ট্রাইকার। ক্রোয়েশিয়ার বিপক্ষে করেন জোড়া গোল। পানামার বিপক্ষে গোল করে দলকে জয় এনে দেন। রাউন্ড অব ৩২ এর ম্যাচে শেষ ১৫ মিনিটে জোড়া গোল করে দলকে শেষ ১৬ এর টিকিট উপহার দেন হ্যারি কেন।

মাইকেল ওলিসে
মাইকেল ওলিসেছবি ইউটিউব ভিডিও থেকে স্ক্রিনশট

মাইকেল ওলিসে (ফ্রান্স) : চলতি বিশ্বকাপে এখনও গোলের দেখা না পেলেও দিদিয়ের দেশঁর অন্যতম প্রধান অস্ত্র এই মাইকেল ওলিসে। এমবাপ্পে, দেম্বেলেদের ভুরি ভুরি গোলের পেছনে অবদান রাখছেন তিনি। ইতিমধ্যেই করে ফেলেছেন এক বিশ্বকাপে পাঁচটি অ্যাসিস্ট। বুন্দেসলিগার বর্ষসেরা এই খেলোয়াড়ের বিদ্যুৎগতি, বলের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ এবং দুর্দান্ত ফিনিশিং দক্ষতা তাঁকে অপ্রতিরোধ্য করে তুলেছে। ফ্রান্সের বিশ্বকাপ অভিযানে এমবাপ্পে, দেম্বেলেদের মতো সমান প্রভাব দেখাচ্ছেন ওলিসেও।

কিলিয়ান এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পেফাইল ছবি, ইন্টারনেট থেকে সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) : সমাজ মাধ্যমে এমবাপ্পেকে বলা হচ্ছে 'মিস্টার ওয়ার্ল্ড কাপ'। বলা হবেই না বা কেনো। বিশ্বকাপের মাত্র তিন আসরেই এমবাপ্পের গোল সংখ্যা ১৮ ম্যাচে ১৮ টি। চলতি বিশ্বকাপে চার ম্যাচে ছ'টি গোল করে ফেলেছেন তিনি। মাত্র ২৭ বছর বয়সে বিশ্বকাপের ইতিহাসে এখন তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। গত বিশ্বকাপে করেছিলেন ৮ গোল। চলতি বিশ্বকাপের চার ম্যাচে ৬ টি গোল করে ফেলেছেন তিনি। গ্রুপ পর্বে সেনেগাল এবং ইরাকের বিপক্ষে জোড়া গোল করেন। নরওয়ের বিপক্ষে গোল না পেলেও করেন জোড়া অ্যাসিস্ট। রাউন্ড অব ৩২ এর ম্যাচে সুইডেনের বিপক্ষে করেন জোড়া গোল। বিশ্বকাপের মঞ্চে তিনি হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য।

লিওনেল মেসি
লিওনেল মেসি ফাইল ছবি পিপলস রিপোর্টার থেকে সংগৃহীত

লিওনেল মেসি (আর্জেন্টিনা) : কাতার বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। তার আগে ২০১৪ বিশ্বকাপেও গোল্ডেন বল জেতেন। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি দুটি গোল্ডেন বল জিতেছেন। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই চার ম্যাচে ৭ গোল করে ফেললেন আর্জেন্টাইন কিংবদন্তী। বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে তিনি এখন সর্বোচ্চ গোলদাতা।

বিশ্বকাপের ৬ আসরে তিনি গোল করেছেন ২০ টি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি চলতি বিশ্বকাপের অভিযান শুরু করেন। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে করেন জোড়া গোল। তৃতীয় ম্যাচে বদলি হিসেবে নেমে জর্ডানের বিপক্ষে ফ্রী কিক থেকে গোল করেন। রাউন্ড অব ৩২ এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষেও একটি গোল করেন তিনি।

বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই গোল্ডেন বল-এর
FIFA World Cup 2026: শেষ ১৬-তে সুইজারল্যান্ডের মুখোমুখি কলম্বিয়া, বিশ্বকাপ থেকে বিদায় ঘানার
বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই গোল্ডেন বল-এর
FIFA World Cup 2026: জিতলো আর্জেন্টিনা, দর্শকদের মন জয় করে নিল কেপ ভার্দে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in