

ফের ছাঁটাইয়ের ভ্রূকুটি ওরাকেলে। চলতি বছরের মে মাসেই বড়োসড়ো ছাঁটাইয়ের পর আরও একবার কোপ পড়তে চলেছে ওরাকেলের কর্মীবাহিনীতে। কৃত্রিম বুদ্ধিমত্তার পরিকাঠামো গড়ে তোলার খরচ তুলতে আবারও ছাঁটাই হবার সম্ভাবনা ওরাকেলে। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুসারে এবারও বড়ো হারে ছাঁটাই হবে এই সংস্থায়। বর্তমানে এই সংস্থায় মোট কর্মরত আছেন ১ লক্ষ ৪১ হাজার কর্মী। গত মে মাসে ২১ হাজার কর্মী ছাঁটাইয়ের আগে এই কর্মী সংখ্যা ছিল ১ লক্ষ ৬২ হাজার। যদিও এবারের ছাঁটাইয়ের বিষয়ে ওরাকেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রকাশ্য বিবৃতি দেওয়া হয়নি।
চলতি বছরে এর আগে ছাঁটাই
ইতিমধ্যেই ওরাকেল সংস্থা ম্যানেজারদের কাছে কর্মীদের তালিকা চেয়ে পাঠিয়েছে। আসন্ন প্রস্তাবিত ছাঁটাইতে এই কর্মীদের ওপরেই কোপ নেমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকেই বেতন খাতে খরচ আরও কমাতে চাইছে এই সংস্থা। গত মে মাসে মোট কর্মীবাহিনীর ১৩ শতাংশ বা ২১ হাজার কর্মী ছাঁটাই করেছে ওরাকেল।
এবারের ছাঁটাইয়ের ভাবনা কেন?
মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজনে ডাটা সেন্টার নির্মাণের জন্য বড়ো অঙ্কের টাকা খরচ করছে ওরাকেল। যে কারণে বিনিয়োগকারীদের মুনাফা বৃদ্ধি এবং সংস্থার খরচ কমানোর লক্ষ্যে ব্যাপক সংখ্যায় কর্মী ছাঁটাই করে ভারসাম্য আনতে চাইছে ওরাকেল সংস্থা। চলতি আর্থিক বছরেই পরিকাঠামো খাতে ওরাকেল খরচ করেছে ৫৫.৭ বিলিয়ন মার্কিন ডলার। যা সংস্থার কাছে যে পরিমাণ অর্থ এসেছে তার অনুপাতে ২৩.৭ বিলিয়ন মার্কিন ডলার বেশি।
চলতি বছরে প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই কত?
চলতি বছরের এপ্রিল-মে মাস থেকেই গণছাঁটাই অভিযান নিয়ে ভাবনাচিন্তা চলছে ওরাকেলে। গত ১ এপ্রিল প্রকাশিত পিপলস রিপোর্টারের প্রতিবেদন অনুসারে, ওইদিন ভোর ৫টা-৬টা নাগাদ কর্মীদের কাছে ছাঁটাই সংক্রান্ত ই-মেল পাঠানো হয়। যে নোটিশ সঙ্গে সঙ্গে কার্যকরী হচ্ছে বলেও কর্মীদের জানানো হয়। ভারতের ১২ হাজার সহ বিশ্বজুড়ে ছাঁটাই প্রক্রিয়ায় মোট ৩০ হাজার জন কাজ হারাতে চলেছেন। যা ওরাকেলের মোট কর্মী বাহিনীর ১৮ শতাংশ। যদিও পরে মে মাসের শেষে সেই সংখ্যা ১৩ শতাংশ বা ২১ হাজারে নামিয়ে আনা হয়।
লেঅফস ডট এফ অয়াই আই-এর তথ্য অনুসারে চলতি বছরে এখনও পর্যন্ত বিশ্বের ২৬৮টি প্রযুক্তি সংস্থা থেকে ১ লক্ষ ২৬ হাজার ৩০৫ জন কর্মী ছাঁটাই হয়েছে। এর পাশাপাশি ট্রুআপ ডট আইও সংস্থা তাদের রিপোর্টে জানাচ্ছে ২০২৬ সালে এখনও পর্যন্ত বিশ্বজুড়ে ৫২৯টি ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে, যাতে ১ লক্ষ ৭৫ হাজার ৩৫৬ জনের কাজ গেছে। অর্থাৎ প্রতিদিন ৭৮৩ জন কর্মী কাজ হারিয়েছেন। চলতি বছরে সবথেকে বেশি ছাঁটাই হয়েছে মার্চ মাসে, মোট ৫০,৪০৪ জন।
শেষ কয়েক বছরে ওরাকেল
কর্মী সংকোচন করে খরচ কমাতে চাইলেও বিগত কয়েক বছরে ওরাকেলের আয় বেড়েছে লাফিয়ে লাফিয়ে।
তথ্য অনুসারে, ৩১ মে, ২০২৬-এ সমাপ্ত ত্রৈমাসিকে ওরাকলের (Oracle) আয় ছিল ১৯.১৮৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২০.৬৩% বেশি।
৩১ মে, ২০২৬-এ সমাপ্ত বারো মাসে ওরাকলের আয় ছিল ৬৭.৩৫৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১৭.৩৫% বেশি।
২০২৬ সালে ওরাকলের বার্ষিক আয় ছিল ৬৭.৩৫৭ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালের তুলনায় ১৭.৩৫% বেশি।
২০২৫ সালে ওরাকলের বার্ষিক আয় ছিল ৫৭.৩৯৯ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালের তুলনায় ৮.৩৮% বেশি।
২০২৪ সালে ওরাকলের বার্ষিক আয় ছিল ৫২.৯৬১ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ৬.০২% বেশি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন