WB Polls : প্রায় এক তৃতীয়াংশ বিধায়ককে বাদ দিল তৃণমূল; তালিকায় অনেক হেভিওয়েট, বহু জায়গায় বিক্ষোভ

People's Reporter: টিকিট না পেয়ে অনেকেই ইতিমধ্যে প্রকাশ্যে দল এবং দলনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার অভিমানে রাজনীতি থেকেই সন্ন্যাস নেওয়ার ঘোষণা করেছেন।
পার্থ চ্যাটার্জি, চিরঞ্জিৎ চক্রবর্তী এবং কাঞ্চন মল্লিক
পার্থ চ্যাটার্জি, চিরঞ্জিৎ চক্রবর্তী এবং কাঞ্চন মল্লিক গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বহু বর্তমান বিধায়ককে ছাব্বিশের নির্বাচনে টিকিট দিল না তৃণমূল। এই তালিকায় কাঞ্চন মল্লিক থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী সহ একাধিক তাবড় তাবড় নাম রয়েছে। টিকিট না পেয়ে অনেকেই ইতিমধ্যে প্রকাশ্যে দল এবং দলনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার অভিমানে রাজনীতি থেকেই সন্ন্যাস নেওয়ার ঘোষণা করেছেন।

এবারের নির্বাচনে টিকিট দেওয়া হয়নি বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ চ্যাটার্জিকে। নিয়োগ দুর্নীতির অভিযোগে গত কয়েক বছর জেলে ছিলেন তিনি। সদ্য জামিনে মুক্তি পেয়েছেন। দল যে তাঁকে এবার টিকিট দেবে না তা একপ্রকার নিশ্চিত ছিল। এবার বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়।

টিকিট পাননি উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। তাঁর তিন নম্বর বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বড্ড সমালোচনা শুরু হয়েছিল। এমনকি স্থানীয় তৃণমূল নেতারাই প্রকাশ্যে বলতেন, কাঞ্চন মল্লিককে এলাকায় দেখা যায় না। তাঁর নামে ‘নিখোঁজ’ পোস্টারও পড়েছিল। এহেন কাঞ্চনকে এবার প্রার্থী করেনি তৃণমূল। এই কেন্দ্রে দলের প্রার্থী শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।

প্রার্থী তালিকা থেকে নাম কাটা গিয়েছে বড়ঞাঁর বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তিনি। একাধিকবার তাঁর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালিয়েছে। তল্লাশির সময় ফোন পুকুরে ফেলে দেওয়া বা পাঁচিল টপকে পালিয়ে যাওয়া নিয়ে সর্বত্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। দীর্ঘদিন জেলে রয়েছেন তিনি। বড়ঞাঁয় এবার জীবনকৃষ্ণের বদলে তৃণমূলের প্রার্থী প্রতিমা রজক।

নাম কাটা গিয়েছে নিয়োগ দুর্নীতিতে আর এক অভিযুক্ত পলাশিপাড়ার বিধায়ক মাণিক ভট্টাচার্যেরও৷ তিনিও দীর্ঘদিন জেল খেটেছেন। সেখানে এবার তৃণমূলের প্রার্থী রুকবানুর রহমান৷

বেলেঘাটার বর্ষীয়ান বিধায়ক পরেশ পালকে এবার প্রার্থী করেনি তৃণমূল। ওই আসনে লড়বেন কুণাল ঘোষ।

টিকিট পাননি চুঁচুড়ার দীর্ঘদিনের বিধায়ক বর্ষীয়ান নেতা অসিত মজুমদার। এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে দলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা দেবাংশু ভট্টাচার্যকে। অভিমানে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করেছেন অসিত মজুমদার।

বারাসাত থেকে অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীকে এবার প্রার্থী করেনি তৃণমূল। জানা গেছে, তিনি নিজেই আর ভোটে দাঁড়াতে চাননি। এই কেন্দ্রে দল টিকিট দিয়েছে সব্যসাচী দত্তকে, গত বিধানসভা ভোটের আগে যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এবং বিধাননগর থেকে লড়েছিলেন। যদিও পরাজিত হন। এরপর ফের তৃণমূলে ফেরেন তিনি।

টিকিট পাননি রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি। শিবপুরের বিধায়ক ছিলেন তিনি। এবার সেখানে তৃণমূল প্রার্থী করেছে রানা চট্টোপাধ্যায়কে।

নাম কাটা গিয়েছে পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায় চৌধুরীরও। তিনি মৎস্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়বেন অসীম কুমার মাজি।

রাজ্যের আরও দুই মন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং তাজমুল হোসেনের নামও প্রার্থী তালিকায় নেই। বাঁকুড়ার রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। এবার এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা।

অন্যদিকে হরিশচন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র শিল্প দফতরের মন্ত্রী ছিলেন। এবার তাঁর জায়গায় প্রার্থী করা হল মহম্মদ মাতেবুর রহমানকে।

বিজেপি থেকে তৃণমূলে আসা রাণাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীকে এবার টিকিট দেওয়া হয়নি। সেখানের তৃণমূল প্রার্থী সৌগত কুমার বর্মণ।

প্রত্যাশামতোই টিকিট পাননি পূর্ব মেদিনীপুরের তমলুকের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। সম্প্রতি তাঁর নিরাপত্তা তুলে নেওয়ায় প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসাও করেছিলেন। সেখানে শাসকদল প্রার্থী করেছে দীপেন্দ্র নারায়ণ রায়কে।

টিকিট পাননি জলপাইগুড়ির রাজগঞ্জের দীর্ঘদিনের বিধায়ক খগেশ্বর রায়। টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দেন তিনি। দল হারবে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, “টাকার কাছে হেরে গেলাম।” রাজগঞ্জে এবার তৃণমূল প্রার্থী করেছে অ্যাথলিট স্বপ্না বর্মণকে।

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক ‘শহীদের মা’ ফিরোজা বিবি বয়সজনিত কারণে নিজেই এবার প্রার্থী হতে চাননি। এই কেন্দ্রে শাসকদলের প্রার্থী সিরাজ খান।

টিকিট পাননি হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। রঞ্জন ধাড়াকে প্রার্থী করা হয়েছে।

উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু টিকিট পাননি। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে তীর্থঙ্কর ভট্টাচার্যকে।

নদিয়ার করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিনহা রায়কে এবার টিকিট দেওয়া হয়নি। সেখানে শাসকদলের প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী।

মালদহের মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রর বদলে এবার ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল।

পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, যিনি সরকারি মুখ্য সচেতক পদেও ছিলেন, তাঁকেও এবারের তালিকায় রাখা হয়নি। তবে এই কেন্দ্রের টিকিট দেওয়া হয়েছে তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষকে।

মানিকতলা কেন্দ্রে বিধায়ক সুপ্তি পাণ্ডের বদলে টিকিট দেওয়া হয়েছে তাঁর মেয়ে শ্রেয়া পাণ্ডেকে।

মহেশতলার বিধায়ক দুলালচন্দ্র দাসের বদলে তাঁর ছেলে শুভাশিস দাসকে প্রার্থী করেছে তৃণমূল।

বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় ইতিমধ্যে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। স্বাভাবিকভাবে ভোটে লড়ছেন না তিনি। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

এছাড়াও, বাদ যাওয়া বাকি বিধায়কের জেলাভিত্তিক তালিকা একনজরে -

কলকাতাঃ জোড়াসাঁকোর বিবেক গুপ্তা, এন্টালির স্বর্ণকমল সাহা,

উত্তর ২৪ পরগনাঃ বাদুড়িয়ার আব্দুর রহিম দিলু; আমডাঙার রফিকুর রহমান; দেগঙ্গার রহিমা বিবি; হাড়োয়ার রবিউল ইসলাম; সন্দেশখালির সুকুমার মাহাতো; বসিরহাট দক্ষিণের সপ্তর্ষি ব্যানার্জি; বসিরহট উত্তরের রফিকুল ইসলাম; হিঙ্গলগঞ্জের দেবেশ মণ্ডল

দক্ষিণ ২৪ পরগনাঃ বাসন্তীর শ্যামল মণ্ডল; কুলপির যোগরঞ্জন হালদার; রায়দিঘির অলোক জলদাতা; মগরাহাট পূর্বের নমিতা সাহা; মগরাহাট পশ্চিমের গিয়াসুদ্দিন লস্কর; ফলতার শঙ্কর লস্কর; সাতগাছিয়ার মোহনচন্দ্র লস্কর

হাওড়াঃ শ্যামপুরের কালীপদ মণ্ডল; জগতবল্লভপুরের সীতানাথ ঘোষ; ডোমজুড়ের কল্যাণ ঘোষ

হুগলিঃ শ্রীরামপুরের সুদীপ্ত রয়; পান্ডুয়ার রত্না দে নাগ; সপ্তগ্রামের তপন দাশগুপ্ত

পশ্চিম মেদিনীপুরঃ দাসপুরের দীর্ঘদিনের বিধায়ক মমতা ভুঁইয়া; নারায়ণগড়ের সূর্যকান্ত অট্ট; চন্দ্রকোনার অরূপ ধাড়া; কেশিয়াড়ির পরেশ মুর্মু

পূর্ব বর্ধমানঃ ভাতারের মানগোবিন্দ অধিকারী; রায়নার শম্পা ধাড়া; আউশগ্রামের অভেদানন্দ থান্ডা; মেমারির মধুসূদন ভট্টাচার্য; পুর্বস্থলী উত্তরের তপন চট্টোপাধ্যায়; গলসির নেপাল ঘোড়ুই

বীরভূমঃ সিউড়ির বিকাশ রয়চৌধুরী; হাঁসানের অশোক চট্টোপাধ্যায়

বাঁকুড়াঃ রাইপুরের মৃত্যুঞ্জয় মুর্মু; বড়জোড়ার অলোক মুখোপাধ্যায়

ঝাড়গ্রামঃ গোপীবল্লভপুরের খগেন্দ্রনাথ মাহাতো; বিনপুরের দেবনাথ হাঁসদা

মুর্শিদাবাদঃ ফারাক্কার মনিরুল ইসলাম; লালগোলার মহম্মদ আলি; নবগ্রামের কানাইচন্দ্র মণ্ডল; বেলডাঙার হাসানুজ্জামান শেখ; জলঙ্গির আব্দুর রাজ্জাক

মালদহঃ চাঁচলের নীহাররঞ্জন ঘোষ; সুজাপুরের আব্দুল গনি

উত্তর দিনাজপুরঃ ইসলামপুরের দীর্ঘদিনের বিধায়ক আব্দুল করিম চৌধুরী

জলপাইগুড়িঃ জলপাইগুড়ির প্রদীপকুমার বর্মা

প্রার্থী তালিকা ঘোষণার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁদের টিকিট দেওয়া সম্ভব হল না, তাঁরা যেন রাগ না করে। তাঁদের সংগঠন কিংবা অন্য কাজে লাগানো হবে।

 অন্যদিকে টিকিট না পেয়ে প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বহু বিধায়ক। কেউ কেউ আবার বলছেন, দল যা সিদ্ধান্ত নিয়েছে তাই মেনে নিচ্ছেন তাঁরা।

পার্থ চ্যাটার্জি, চিরঞ্জিৎ চক্রবর্তী এবং কাঞ্চন মল্লিক
বিজেপি থেকে তৃণমূলে এসেই প্রার্থী পবিত্র কর, আছেন স্বপ্না-কুণাল-দেবাংশু-ঋতব্রত, নেই প্রতীক উর
পার্থ চ্যাটার্জি, চিরঞ্জিৎ চক্রবর্তী এবং কাঞ্চন মল্লিক
WB Polls: প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ BJP-র, ২টি আসনে লড়ছেন শুভেন্দু, তালিকায় রুদ্রনীল-দিলীপ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in