

আইপ্যাক-কে টাকা দিতে না পারার জন্যেই তাঁকে এবার প্রার্থী করা হয়নি। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে চাঞ্চল্যকর এই অভিযোগ করলেন পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিদায়ী তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি। তাঁর বদলে এই কেন্দ্রের এবার প্রার্থী করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামীকে। যিনি বর্তমানে কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বিক্ষোভ চলছে। এক ধাক্কায় ৭৪ জন বর্তমান বিধায়ককে মনোনয়ন না দেওয়ায় তাদের অনেকেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বর্তমান বিধায়ক তপন চ্যাটার্জি দাবি করেছেন, আইপ্যাক-কে কুড়ি লক্ষ টাকা না দিতে পারায় তাঁকে এবার প্রার্থী করা হয়নি।
তৃণমূলের বিদায়ী বিধায়ক আরও জানিয়েছেন, প্রার্থী তালিকায় তাঁর নাম বাদ যাবার পরেই তুলে নেওয়া হয়েছে নিরাপত্তারক্ষী। যা নিয়ে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
সংবাদমাধ্যমের সামনে বিদায়ী বিধায়ক তপন চ্যাটার্জি বলেন, তৃণমূলে এখন পুরোনো কর্মীদের আর কোনও দাম নেই। কোনও মর্যাদা নেই। যারা টাকা দিতে পেরেছে তাঁরাই প্রার্থী হয়েছে। আমরা ১৯৯৮ সাল থেকে দল করেও এখন ব্রাত্য হয়ে গেছি।
ক্ষোভের সুরে তিনি বলেন, অন্য দল ঘুরে আসা রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্তের মতো নেতাদেরও এখন দলে গুরুত্ব আছে। এমনকি দিনে বিজেপি, রাতে তৃণমূল হওয়া নেতাদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি দাবি করেন, আইপ্যাক তাঁর কাছে কুড়ি লক্ষ টাকা চেয়েছিল। তিনি সেই টাকা দেননি বলেই তাঁকে প্রার্থী তালিকা থেকে ছেঁটে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আইপ্যাককে কে কত টাকা দিয়ে প্রার্থী হয়েছে সব জানি। কিন্তু বলবো না।
তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই পূর্ব বর্ধমান জেলার একাধিক কেন্দ্রে বিক্ষোভ দেখা দিয়েছে। পূর্বস্থলী উত্তরের মতই খন্ডঘোষে তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা প্রার্থী বদলের দাবিতে সরব হয়েছেন। এছাড়াও মেমারি, রায়না, মন্তেশ্বর প্রভৃতি কেন্দ্রেও প্রার্থী নিয়ে প্রকাশ্যেই বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল নেতা কর্মীরা।
প্রসঙ্গত তপন চ্যাটার্জি পূর্বস্থলী উত্তর কেন্দ্রের দু’বারের বিধায়ক। ২০১১ সালে তিনি এই কেন্দ্র থেকে প্রথম জয়লাভ করেন। ২০১৬ সালে এই কেন্দ্রে জয়ী হন সিপিআইএম প্রার্থী প্রদীপ কুমার সাহা। যদিও ২০২১ সালে ফের এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হন তৃণমূলের তপন চ্যাটার্জি।
২০২৬ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে সিপিআইএম আবারও প্রার্থী করেছে প্রদীপ কুমার সাহাকে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন