Coochbehar: গভীর রাতে সপরিবারে দিনহাটা থেকে পলাতক উদয়ন গুহ?

People's Reporter: সদ্যসমাপ্ত নির্বাচনে সারা রাজ্যের মতই কোচবিহার জেলাতেও ধরাশায়ী হয়েছে তৃণমূল। কোচবিহার জেলার ৯ আসনের মধ্যে একমাত্র সিতাই কেন্দ্রে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়।
তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ
তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহফাইল ছবি, ডেকান হেরাল্ড থেকে সংগৃহীত
Published on

রাজ্য বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের এখনও তিন দিন পেরোয়নি। এর মধ্যেই এলাকা ছেড়ে উধাও হয়ে গিয়েছেন দিনহাটার তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করেছেন। তাদের বক্তব্য অনুসারে, ফল প্রকাশের দিনেই গভীর রাতে স্ত্রী, পুত্র পরিবার সমেত উদয়ন গুহ নাকি অ্যাম্বুলেন্সে করে এলাকা ছেড়েছেন। যদিও শুধু উদয়ন গুহ নয়। কোচবিহারের একাধিক তৃণমূল নেতাকেই ভোটের ফল প্রকাশের পর এলাকায় দেখা যাচ্ছে না। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে কেন্দ্রীয় বাহিনী ঘুরপথে তাঁকে শিলিগুড়ি পৌঁছে দিয়েছে।

সদ্যসমাপ্ত নির্বাচনে সারা রাজ্যের মতই কোচবিহার জেলাতেও ধরাশায়ী হয়েছে তৃণমূল। কোচবিহার জেলার ৯ আসনের মধ্যে একমাত্র সিতাই কেন্দ্রে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। ২,৭২১ ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেছেন বিজেপি প্রার্থীকে। বাকি ৮ আসনেই জয়ী বিজেপি। দিনহাটা কেন্দ্র থেকে উদয়ন গুহ পরাজিত হয়েছেন ১৭,৪৪৭ ভোটে। এরপর গতকাল থেকেই শোনা যায় গভীর রাতে সপরিবার দিনহাটা ছেড়েছেন উদয়ন গুহ।

উদয়ন গুহের মতই কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া কোথায় আছেন তাও জানা যাচ্ছে না। কোচবিহার জেলার একাধিক ব্লক এবং জেলাস্তরের নেতাকেও এলাকায় দেখা যাচ্ছে না। ফলত বেশ কিছুটা ছন্নছাড়া হয়ে পড়েছেন একদম নীচুতলার তৃণমূল কর্মীরা। তাদের অভিযোগ, যাঁদের জন্য ঝান্ডা ধরলাম বিপদের সময় তাদেরকেই পাওয়া যাচ্ছে না। নেতারাই যদি পালিয়ে যায় তাহলে আমরা কোথায় যাবো?

কোচবিহারের এই পরিস্থিতিতে মুখ খুলেছেন বর্ষীয়ান তৃণমূল নেতা ও তথা দলের প্রাক্তন জেলা সভাপতি ও মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দীর্ঘদিন একনিষ্ঠভাবে তৃণমূল করে এলেও এবার দল তাঁকে মনোনয়ন দেয়নি। যা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। পরে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকে নিয়ে গিয়ে ক্ষোভ কমান। নির্বাচনের ফল প্রকাশের পর জেলায় দলের অধিকাংশ নেতা গা ঢাকা দেওয়ায় তিনি ফের মুখ খুলেছেন। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, এই সমস্ত নেতারা নিজেদের স্বার্থে দলে এসেছিলেন। স্বার্থ শেষ হয়ে গেছে তাই এখন পালিয়ে গেছে।

দিনহাটার দাপুটে ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহের ছেলে উদয়ন গুহ বাম জমানায় ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন। রাজ্যে পালাবদলের কিছুদিন পরেই তিনি শিবির বদল করেন। পরবর্তী সময়ে একাধিকবার তাঁর নামে বিভিন্ন অভিযোগ উঠেছে। বিরোধীদের হাঁটু ভেঙে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন নেতাকে হুমকি দেবার একাধিক অভিযোগ ছিল তাঁর নামে।

তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ
WB Polls : প্রায় এক তৃতীয়াংশ বিধায়ককে বাদ দিল তৃণমূল; তালিকায় অনেক হেভিওয়েট, বহু জায়গায় বিক্ষোভ
তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ
সংখ্যালঘু প্রার্থী নেই কোচবিহারের ৯ আসনে, তৃণমূলের তালিকা ঘিরে ক্ষোভ; বাড়ছে বামেদের সম্ভাবনা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in