

বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর সিভিক ভলান্টিয়ারদের জন্য বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য অ্যাড-হক বোনাসের ঘোষণা করল সরকার। শুধু তাই নয়, টাকার অঙ্কও বাড়ানো হয়েছে। ভোট ঘোষণার পর এভাবে বোনাস ঘোষণায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
নবান্ন থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং গ্রামীণ পুলিশ ব্যবস্থার অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের জন্য অ্যাড-হক বোনাস অনুমোদন করা হয়েছে। প্রত্যেক সিভিক ভলান্টিয়ারকে ৭,৪০০ টাকা করে বোনাস দেওয়া হবে। অর্থ দফতরের অডিট শাখার সংশোধিত সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ ফেব্রুয়ারি অর্থ দফতর নির্দেশিকা জারি করেছিল।
উল্লেখ্য, এর আগে ২০২৪–২৫ অর্থবর্ষে সিভিক ভলান্টিয়ারদের ৬,৮০০ টাকা করে বোনাস দেওয়া হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিষয়টি বিস্তারিত ভাবে পর্যালোচনার পর রাজ্যপালের অনুমোদনক্রমেই এই বোনাস মঞ্জুর করা হয়েছে। সংশ্লিষ্ট খাতে বরাদ্দ অর্থ থেকে এই ব্যয়ের সংস্থান হবে এবং তা নির্দিষ্ট হিসেবের আওতায় নথিভুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
ভোট ঘোষণার পর এভাবে বোনাস ঘোষণায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। যদিও প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং অর্থ দফতরের সুপারিশ মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনের ঠিক আগে এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। কারণ, নির্বাচনের সময় সিভিক ভলান্টিয়ারদের উপর অনেক দায়িত্ব থাকে। তাই তাঁদের খুশি করতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি বিরোধীদের।
প্রসঙ্গত, ভোটের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগে পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দেওয়া নিয়েও বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন