WB SIR: 'বিচারাধীন' নাম নিয়ে ইসি বনাম আমলা বিতর্কে সরকারি কর্মচারীদের 'লক্ষণরেখা' মনে করালো কমিশন

People's Reporter: বিতর্কের সূত্রপাত ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটরক্ষক রিচা ঘোষকে নিয়ে। রাজ্যে এসআইআর-এর পর প্রথম দফায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেখানে নাম নেই ক্রিকেটার রিচা ঘোষের।
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনফাইল ছবি সংগৃহীত
Published on

নির্বাচন কমিশনের এক্স হ্যান্ডেল (পূর্বতন ট্যুইটার) পোষ্ট নিয়ে সরাসরি সংঘাত। কমিশনের বক্তব্য সরাসরি খন্ডন করে ডব্লিউবিসিএস অফিসারদের সংগঠনের পক্ষ থেকে পাল্টা বিবৃতি দেওয়া হল। যার উত্তরে কমিশন সরকারি কর্মচারীদের নিয়ম বিধির মধ্যে থেকে কাজ করার পরামর্শ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। সিইও-র এই পোষ্টে সরাসরি আমলা সংগঠনের নাম উল্লেখ করে 'লক্ষণরেখা' মনে করিয়ে দেওয়া হয়েছে। যাকে অনেকেই প্রছন্ন হুঁশিয়ারি বলেই মনে করছেন।

বিতর্কের সূত্রপাত ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটরক্ষক রিচা ঘোষকে নিয়ে। যিনি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য। রাজ্যে এসআইআর-এর পর প্রথম দফায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেখানে নাম নেই ক্রিকেটার রিচা ঘোষের। যে প্রসঙ্গে কমিশনের এক্স হ্যান্ডেলে লেখা হয়, খসড়া তালিকায় এই ক্রিকেটার আনম্যাপড হিসেবে চিহ্নিত হয়েছিলেন। শুনানিতে তাঁর এক আত্মীয় নথি জমা দেন।

এর পরেই ওই পোষ্টে কমিশন জানায়, কিন্তু সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) বা অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO) বিষয়টির নিষ্পত্তি করেননি। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিচারকদের কাছে বিষয়টির নিষ্পত্তির জন্য পাঠানো হয়েছে। ওই পোষ্টেই আরও লেখা হয়, রিচার বিষয়টি নিষ্পত্তি না-হওয়ার কী কারণ ছিল, তা নিয়ে সংশ্লিষ্ট এইআরও বা ইআরও-র কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

কমিশনের এই প্রকাশ্য বিবৃতির পরেই প্রতিক্রিয়া জানায় ডব্লিউবিসিএস অফিসারদের সংগঠন পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অফিসারস অ্যাসোসিয়েশন (WBCSEOA)। তাদের এক্স হ্যান্ডেল পোষ্টে কমিশনের পোষ্টের উল্লেখ করে বলা হয়, “গভীর উদ্বেগের সাথে উল্লেখ করা হচ্ছে যে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ হিসেবে চিহ্নিত নামগুলির জন্য ERO/AERO-দের নামে দায়ী করা হয়েছে। এটি সম্পূর্ণ অসত্য এবং দৃঢ়ভাবে এই বক্তব্য অস্বীকার করা হচ্ছে। ওই বার্তায় অভিযোগ করা হয়েছে যে সংশ্লিষ্ট ERO/AERO-দের কারণে সম্প্রতি প্রকাশিত ভোটার তালিকায় এই নাম অন্তর্ভুক্ত করা যায়নি।

অফিসারদের সংগঠনের বিবৃতিতে আরও বলা হয়, “ERO/AERO-রা এই সময়কালে নিরলসভাবে কাজ করে আসছেন, শুনানি পরিচালনা করছেন, নথি আপলোড করছেন এবং নির্দেশ মেনে সব কাজ করছেন। ভারতের নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত মাইক্রো অবজারভার এবং রোল অবজারভাররা কোনও পর্যবেক্ষণ এবং মন্তব্য ছাড়াই ERO/AERO-দের দ্বারা ইতিমধ্যে নিষ্পত্তি হওয়া অনেক মামলার সাথে কোনও কারণ ছাড়াই দ্বিমত পোষণ করেছেন এবং ফেরত পাঠিয়েছেন। যার ফলে বিপুল সংখ্যক নাম “আন্ডার অ্যাডজুডিকেশন” হিসেবে চিহ্নিত হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় দিনরাত কাজ করা ERO/AERO-দের উপর দোষারোপ করার এই কাজটি কেবল অবমাননাকরই নয় বরং তাদের মনোবলকেও বিরূপভাবে প্রভাবিত করছে।”

২ মার্চ দুপুর ২ টো ৫৬ মিনিটের এই পোষ্টের উত্তরে ওইদিনই রাত ৯টা ৪৫ মিনিটে কমিশনের এক্স হ্যান্ডেল থেকে বলা হয়, সিইও পশ্চিমবঙ্গের পক্ষ থেকে কোথাও বলা হয়নি যে বিচারাধীন সমস্ত মামলা ERO-দের সিদ্ধান্তহীনতার কারণে হয়েছে। তবে, ERO/AERO-দের দিক থেকে কিছু সংখ্যক মামলা বিচারাধীন ছিল এবং তা বিচারের জন্য পাঠানো হয়েছিল, যা বাস্তবিকভাবে যাচাইযোগ্য। WBCSEOA নির্বাচন কমিশনে ডেপুটেশনে থাকা কর্মকর্তাদের মুখপাত্রের ভূমিকা গ্রহণ করতে পারে না এবং করা উচিতও নয়। গুজবের ভিত্তিতে মন্তব্য পোস্ট করা এবং সাংবিধানিক সংস্থা/আইনগত কর্তৃপক্ষকে অসম্মান করার প্রচেষ্টা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। সরকারি কর্মচারীদের প্রযোজ্য আচরণবিধির লক্ষণ রেখার মধ্যে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে।”

নির্বাচন কমিশন
WB SIR: তফশিলি, আদিবাসী, মতুয়া, সংখ্যালঘুর নাম বাদের চেষ্টা - কমিশন দপ্তরে বিক্ষোভের ডাক বামফ্রন্টের
নির্বাচন কমিশন
CPIM: বাম বিকল্পই একমাত্র পথ, এই পথেই বাংলার পুনরুত্থান ঘটবে - মহম্মদ সেলিম

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in