সোমবার মাঝরাতে প্রকাশিত প্রথম সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে শুরু থেকেই জল্পনা তৈরি হয়েছিল রাজ্য জুড়ে। সেই তালিকায় ঠিক কতজন ভোটারের নাম রয়েছে এবং নতুন করে কতজনের নাম বাদ পড়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়। অবশেষে এই বিষয়ে পরিসংখ্যান সামনে আনল নির্বাচন কমিশন (Election Commission)।
কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ছিল ‘বিবেচনাধীন’ (Under Adjudication) তালিকায়। এই তালিকার নামগুলি খতিয়ে দেখছেন প্রায় ৭০৫ জন বিচারিক আধিকারিক। এর মধ্যে এখনও পর্যন্ত ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, এই নিষ্পত্তিকৃত নামগুলির মধ্যে প্রায় ৪০ শতাংশ বাদ পড়েছে। সংখ্যার হিসেবে তা দাঁড়াচ্ছে প্রায় ১২ থেকে ১৩ লক্ষ ভোটার।
অন্যদিকে, মঙ্গলবার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে প্রায় ১০ লক্ষ নাম রয়েছে। তবে এই তালিকার মধ্যে ঠিক কতজনের নাম ডিলিশন তালিকায় রয়েছে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। ফলে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা নিয়ে বিভ্রান্তি থেকেই যাচ্ছে। প্রাথমিক হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৭৬ লক্ষ নাম বাদ পড়েছে বলে অনুমান করা হচ্ছে।
কমিশন আরও জানিয়েছে, আগামী শুক্রবার দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশিত হতে চলেছে। এরপর থেকে প্রতিদিনের ভিত্তিতে নিষ্পত্তিকৃত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপডেট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে স্বচ্ছতা বাড়বে বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। তখন বিবেচনাধীন ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। এই বিশাল সংখ্যক নাম যাচাইয়ের প্রক্রিয়া চলতে থাকায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে।
এই ইস্যুতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), মহম্মদ সেলিমরা (Md Salim)। বুধবার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে মঙ্গলবার গভীর রাতে কমিশনের ওয়েবসাইটে হঠাৎ সমস্ত ভোটারের নাম ‘বিবেচনাধীন’ দেখানো নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সব মিলিয়ে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে উত্তেজনা এখনও তুঙ্গে। সামনে আরও তালিকা প্রকাশ হওয়ার কথা থাকায়, এই বিতর্ক যে দ্রুত থামছে না, তা স্পষ্ট। ভোটের আগে আদৌ এই সমস্যার মীমাংসা হবে কিনা প্রশ্ন তা নিয়েই।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন