

রাজ্যে বহুদিন ক্ষমতার বৃত্ত থেকে বাইরে থাকলেও এখনও পর্যন্ত গোষ্ঠীকোন্দল পিছু ছাড়েনি কংগ্রেসের। মূলত গোষ্ঠী কোন্দলের জেরেই এবার ৭ কেন্দ্রের প্রার্থী বদল করলো কংগ্রেস। সঙ্গে আরও এক প্রার্থীর নাম বুধবার ঘোষিত হল।
দীর্ঘ সময় পরে রাজ্যের সমস্ত আসনে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণার পরেই কংগ্রেস কর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছিল। বহু কংগ্রেসকর্মীই প্রার্থী হবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও প্রার্থীপদ ঘোষণার পর অনেকেই প্রার্থী হতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ ওঠে প্রদেশ সভাপতি টাকার বিনিময়ে প্রার্থীপদ বিক্রি করেছেন।
কংগ্রেসের পক্ষ থেকে যে সাত কেন্দ্রের প্রার্থী বদল করা হয়েছে তার মধ্যে আছে নাকাশিপাড়া, চাপড়া, মন্দিরবাজার, মিনাখা, রায়না, কেতুগ্রাম, আউশগ্রাম। এদিন কংগ্রেসের পক্ষ থেকে আট প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
হাবড়া কেন্দ্রে কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। ওই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রনব ভট্টাচার্য। বুধবার কে সি বেণুগোপাল স্বাক্ষরিত এআইসিসি’র বিবৃতি অনুসারে, নাকাশিপাড়া কেন্দ্র থেকে গুলাম মণ্ডলের বদলে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাহির শেখ।
চাপড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ খান। আগে এই কেন্দ্রে রাহিদুল মণ্ডলের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করে কংগ্রেস।
মন্দিরবাজার কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হচ্ছেন চাঁদ সরদার। আগে এই কেন্দ্রে প্রার্থী ছিলেন কৌশিক বৈদ্য।
মিনাখাঁ থেকে কংগ্রেস প্রার্থী সুনয়না বিশ্বাস। আগে নাম ঘোষণা করা হয়েছিল বর্ণালী নস্করের।
রায়না কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হচ্ছেন পম্পা মালিক। আগে এই কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল অনিক সাহার।
কেতুগ্রাম কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হচ্ছেন আবু বাক্কার। এর আগে এই কেন্দ্রে নাম ঘোষণা হয়েছিল মফিরুল কাসেমের।
আউশগ্রাম থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস বড়াল। আগে এই কেন্দ্রের প্রার্থী ছিলেন নিশা বড়াল।
প্রসঙ্গত, প্রার্থী ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়। একাধিক জায়গায় কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। কিছু জায়গায় অন্য দলের নেতা টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়েই মনোনয়ন পেয়েছেন বলেও অভিযোগ। বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে বিধান ভবনেও। মাথা ফাটে এক কংগ্রেস কর্মীর। কংগ্রেস কর্মীদের একাংশ অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার টাকার বিনিময়ে নির্বাচনের টিকিট বিক্রি করেছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন