পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিলেন বিগত বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের অষ্টাদশ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্র থেকেই বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তিনি। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শুভেন্দু অধিকারী ছাড়াও মন্ত্রীপদে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু।
এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতাসীন হয়েছে। সেই হিসেবে শুভেন্দু অধিকারীই হচ্ছেন রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী। রাজ্যের হিসেবে তিনি এদিন নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন। রাজ্যের দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা এবং ভবানীপুর কেন্দ্রে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে তিনি অন্যান্য দাবীদারদের অনেকটাই পেছনে ফেলেছিলেন। গতকালই নিউটাউনে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৭ আসন পেয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। এদিন বাংলাতে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, জে পি নাড্ডা, যোগী আদিত্যনাথ, নীতির নবীন সহ একাধিক শীর্ষ বিজেপি নেতৃত্ব। এছাড়াও এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাই এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিন শুভেন্দু অধিকারী ছাড়া বাকি যে পাঁচজন মন্ত্রীপদে শপথ নিয়েছেন তাদের মধ্যে দিলীপ ঘোষ জয়ী হয়েছেন খড়গপুর সদর কেন্দ্র থেকে, অগ্নিমিত্রা পাল জয়ী হয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে, কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী হয়েছেন নিশীথ প্রামাণিক, বনগাঁ উত্তর থেকে জয়ী হয়েছেন অশোক কীর্তনিয়া এবং রাণীবাঁধ কেন্দ্র থেকে জয়লাভ করেছেন ক্ষুদিরাম টুডু।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন