মিড ডে মিলে ডিম বিতর্কে ইতি টানলো রাজ্য সরকার। ধর্মীয় সংস্থা ইসকন-এর হাতে রাজ্যের স্কুলের মিড ডে মিলের দায়িত্ব তুলে দেবার পরেই শুরু হয়েছিল বিতর্ক। বিশেষ করে মিড ডে মিলের অন্যতম আকর্ষণ ডিম বন্ধ হয়ে যাবার প্রশ্নে সরব হয়েছিল বিভিন্ন মহল। যদিও সেই বিতর্কে ইতি টেনে বুধবার রাজ্যের পক্ষ থেকে জানানো হল, মিড ডে মিলে ডিম দেওয়া হবে। ইসকন মিড ডে মিল সরবরাহ করলেও আলাদা করে ডিম বিতরণের ব্যবস্থা করবে রাজ্য সরকার।
বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মিড ডে মিল নিয়ে যে বৈষম্য ছিল তা আগেই দূর করা হয়েছে। বরাদ্দ বাড়ানো হয়েছে। ১ লা আগস্ট থেকেই নতুন বরাদ্দ কার্যকর হবে। এর সঙ্গেই মুখ্যমন্ত্রী জানান, ১ লা আগস্ট থেকেই রাজ্যের স্কুলে মিড ডে মিল সরবরাহ করবে ইসকন। তিনি বলেন, ইসকন সাত্ত্বিক, শুদ্ধ, প্রোটিন যুক্ত খাবার সরবরাহ করবে। তার বাইরে আলাদা করে পড়ুয়াদের ডিম দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
ক্ষমতায় আসার পর রাজ্য সরকার ঘোষণা করে ইসকন মিড ডে মিল সরবরাহ করবে। প্রথমে কলকাতায় পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হলেও পরে সারা রাজ্যেই মিড ডে মিলের দায়িত্ব তুলে দেওয়া হয়। যদিও তখনই বিতর্ক বাধে ইসকনের নিরামিষ খাবার নিয়ে। বহু মানুষ প্রশ্ন তোলেন ডিম বাদ দেওয়া নিয়ে। তাদের মতে, ছাত্র-ছাত্রীদের পাত থেকে ডিম তুলে নেওয়া হলে তাদের প্রোটিনের ঘাটতি হবে। এই বিতর্ক থামাতেই এবার ইসকনের মিড ডে মিলের পাশাপাশি আলাদা করে ডিম সরবরাহ করার সিদ্ধান্ত জানালো রাজ্য।
জানা গেছে, ১ আগস্ট থেকে রাজ্যজুড়ে মিড ডে মিল সরবরাহ করবে ইসকন। এই মিড ডে মিল ছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে সপ্তাহে ১ দিন অথবা ২ দিন সেদ্ধ ডিম দেওয়া হবে। এছাড়াও যারা মিড ডে মিল রান্না করেন তাদের বেতন ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হবে বলে ঘোষণা করা হয়েছে।
আগামী ১ আগস্ট বেলা ১২টায় নতুন এই প্রকল্পের সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন