

রাজ্য সরকারের ঠিকা কর্মী পরিচয়ে আইপ্যাক-এর কর্মীদের দিয়ে ভোটার ফর্ম আপলোড করানো হচ্ছে। এইআরও এবং ইআরও দপ্তর থেকে আপলোড করা সমস্ত ফর্ম খতিয়ে দেখা হোক যে কোন আইপি অ্যাড্রেস থেকে এইসব ফর্ম আপলোড করা হয়েছে। চাঞ্চল্যকর এই অভিযোগ তুলে শুক্রবার নির্বাচন কমিশনকে চিঠি পাঠালো সিপিআইএম। দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী কমিশনকে এই চিঠি দিয়েছেন। চিঠিতে কমিশনের কাছে অবিলম্বে বৈঠকের জন্য সময় চেয়েছে সিপিআইএম।
সিপিআইএম-এর অভিযোগ, ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে চুক্তিতে নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটররা আসলে আইপ্যাকের কর্মী। যে আইপ্যাক তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট পরিচালনা করে। এআরও এবং এইআরও দপ্তরে ডেটা এন্ট্রি বিধি এড়িয়ে যাওয়া হচ্ছে। তথ্য তোলার জায়গায় রাজ্যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের উপস্থিতিতে ভোটার তালিকার স্বচ্ছতা থাকতে পারে না। ইআরও দপ্তরে ডেটা অপারেটর হিসেবে ঠিকা কর্মী হিসেবে নিযুক্তদের নামের তালিকা প্রকাশের দাবিও জানানো হয়েছে ওই চিঠিতে।
চিঠিতে আরও বলা হয়েছে, ‘আনম্যাপড’ এবং ‘লজিক্যাল ডিসক্রেপান্সি’ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে তা জনগণের কাছে স্পষ্ট নয়। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বহু মানুষের ভোটদানের অধিকার থেকে বঞ্চিত হবার আশঙ্কা তৈরি হচ্ছে। বিষয়টি স্পষ্ট করুক নির্বাচন কমিশন।
চিঠিতে উঠে এসেছে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা বিধানসভা ক্ষেত্রের কথা। যে অঞ্চলের ভোটার তালিকার স্পেশাল অডিটের দাবি করা হয়েছে। সিপিআইএম-এর অভিযোগ, বারবার বলা সত্ত্বেও এমন একাধিক কেন্দ্রে এসআইআর খসড়া তালিকায় এমন অনেক নাম আছে যা থাকার কারণ নেই। ফলে ভোট জালিয়াতির সুযোগ করে দেওয়া হচ্ছে।
সিপিআই(এম)-এর অভিযোগ, অনেক জেলাতেই নির্বাচন কমিশনের গাইডলাইনের সঙ্গে সম্পর্কিত নয় এমন একাধিক অপ্রাতিষ্ঠানিক ও মৌখিক নির্দেশও দেওয়া হচ্ছে। মতুয়া, পরিযায়ী শ্রমিক এবং গরিব মানুষের কাছে এমন সব নথিপত্র চাওয়া হচ্ছে যাতে তাঁরা সমস্যায় পড়ছেন। ছাড় দেওয়ার কথা বলা হলেও শুনানিতে ডাকা হচ্ছে প্রবীণ, অসুস্থদের।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন