অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৯ শ্রমিকের। এই ঘটনায় গুরুতর আহত আরও ১১ জন শ্রমিক। গলিত লোহা বহনকারী একটি পাত্র (ল্যাডেল) ফেটে গিয়ে ৯ জন শ্রমিক নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। অত্যন্ত উচ্চ তাপমাত্রার ইস্পাত বহনকারী পাত্র বা ‘ল্যাডেল’ ফেটে গিয়ে প্রচুর পরিমাণে গলিত লোহা চারিদিকে ছড়িয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
সোমবার ৮ জুন, বিকেল সোয়া চারটার দিকে স্টিল প্ল্যান্টের 'স্টিল মেল্টিং শপ-২' (SMS-2) এর Continuous Casting Department (CCD) তে গলানো লোহা ওপরে তোলার সময় এই দুর্ঘটনা ঘটে। আধিকারিকরা জানিয়েছেন, গলানো লোহার তাপমাত্রা প্রায় ১,৬০০ ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি ছিল। দুর্ঘটনায় মৃত শ্রমিকদের নাম আপ্পারাও, প্রভাকর রাও, কৃষ্ণা, রামানা, ত্রিনাথ, গোল্ড কুমার, আপ্পালারাজু, ভানুকুমার এবং রামনাথ। দুর্ঘটনার সময় ওই জায়গায় প্রায় ২০ জন শ্রমিক কাজ করছিলেন।
এই বিস্ফোরণের ফলে প্ল্যান্টের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রমিক ও কর্মচারীরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি শুরু করেন। স্টিল প্ল্যান্টের কর্মী, পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। নিহতদের মধ্যে প্ল্যান্টের ৬ জন স্থায়ী কর্মী এবং ২ জন চুক্তিভিত্তিক শ্রমিক রয়েছেন।
বিশাখাপত্তনম জেলার কালেক্টর এম অভিষেক কিশোর জানিয়েছেন যে ৬ শ্রমিক আহত হয়েছেন তাঁদের মধ্যে তিনজনকে কিমস (KIMS) হাসপাতালে এবং বাকি তিনজনকে সেভেন হিলস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী ঘটনার বিষয়ে সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এবং শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে সমন্বয় করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
মুখ্যমন্ত্রী তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এই দুর্ঘটনা প্রসঙ্গে এক বিবৃতিতে জানিয়েছেন, “বিশাখা স্টিল প্ল্যান্টের দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক প্রাণ হারিয়েছেন জেনে আমি অত্যন্ত ব্যথিত। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং সব সরকারি বিভাগের সঙ্গে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছি।”
ভারী শিল্প ও ইস্পাত বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মা এক সোশ্যাল মিডিয়া পোষ্টে জানিয়েছেন, পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। “আজ সন্ধ্যায় বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে (আরআইএনএল) ‘ল্যাডেল ব্লাস্ট’-এর মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। এই দুর্ঘটনায় প্রাণ হারানো সাহসী কর্মীদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আমি প্ল্যান্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি; আমরা ঘটনাস্থলের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছি। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। শিল্পক্ষেত্রে নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার; শোকের এই মুহূর্তে আমরা সবরকমভাবে কর্মী ও তাঁদের পরিবারের পাশে আছি”।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন