সেবির অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্টে ১৫ লক্ষ কোটি টাকা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজেশ এক্সপোর্টস লিমিটেডের (Rajesh Exports Limited) শেয়ারের দাম আরও নামলো। বৃহস্পতিবার রাজেশ এক্সপোর্টস-এর শেয়ার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) বন্ধ হয়েছিল ১০৩.৯২ টাকায়। যা এদিন আরও নেমেছে। এই মুহূর্তে রাজেশ এক্সপোর্টস-এর শেয়ারের দাম ৯৮.৭৩ টাকা। শুক্রবার এই শেয়ারের দাম পড়েছে ৪.৯৭%। অর্থাৎ এই সংস্থায় এলআইসি-র বিনিয়োগ করা শেয়ারের নীট মূল্য আরও কমেছে।
গত ৫২ সপ্তাহে রাজেশ এক্সপোর্টস-এর শেয়ারের দাম ২৩৭.৮৮ থেকে ৪ জুন নেমে আসে ১০৩.৯২ টাকায়। গতকাল এই শেয়ারের দাম পড়ে ৪.৯৯ শতাংশ। গত ১ বছরে এই সংস্থার শেয়ারের দাম পড়েছে ৪৭.৮১ শতাংশ। বৃহস্পতিবারের পর শুক্রবারেও এই সংস্থার শেয়ারের দাম আরও নেমেছে। মানিকন্ট্রোল ডট কম-এর তথ্য অনুসারে, গতকাল রাজেশ এক্সপোর্টস-এর শেয়ারের বাজার মূলধন ছিল ৩,০৬৮ কোটি টাকা। যা আজ আরও কমে হয়েছে ২,৯১৫ কোটি টাকা।
প্রসঙ্গত, এই সংস্থায় ভারতীয় জীবন বীমা নিগমের ১০.৮ শতাংশ শেয়ার আছে। ২০২৬-এর শুরুতে রাজেশ এক্সপোর্টস-এ এলআইসি-র হোল্ডিং-এর বাজার মূলধনের (Market Capitalization) পরিমাণ ছিল ৬৩৭ কোটি টাকা। রাজেশ এক্সপোর্টস-এর শেয়ারের দাম বিগত সময়ে বিপুল হারে কমে যাওয়ায় যা গতকাল কমে দাঁড়িয়েছিল ৩৪৭ কোটি টাকা। এদিন এই শেয়ারের দাম আরও নেমে যায় স্বাভাবিকভাবেই এলআইসি-র শেয়ারের বাজারজাত মূলধনের অঙ্কও কমেছে।
সেবি (SEBI)-র মতে, রাজেশ এক্সপোর্টস ২০২১ থেকে ২০২৫ অর্থবছরের মধ্যে তাদের ব্যবসার পরিসংখ্যান বাড়িয়ে দেখিয়েছিল। তদন্তে অভিযোগ করা হয়েছে যে, কোম্পানিটি প্রায় ১৫.১৫ লক্ষ কোটি টাকার সমন্বিত আয়ের (consolidated revenue) ভুল হিসাব দিয়েছিল। অভিযোগ, এই আয়ের ৯৯.৮ শতাংশই অতিরঞ্জিতভাবে দেখানো হয়েছিল। সেবি আরও জানিয়েছে, কোম্পানির প্রোমোটারের সাথে যুক্ত বিভিন্ন সংস্থার মাধ্যমে তহবিল ব্যবহারের বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাজেশ এক্সপোর্টস-এর সিইও রাজেশ মেহতা। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁদের ঘোষিত রাজস্ব সঠিক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ঘোষিত রাজস্বের হিসাব সম্পূর্ণ সঠিক এবং বাজার নিয়ন্ত্রক সংস্থা ও তাদের প্রতিষ্ঠানের মধ্যে সম্ভবত যোগাযোগের ক্ষেত্রে কোনো সমন্বয়ের অভাব তৈরি হয়েছে।
বৃহস্পতিবার এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) কংগ্রেসের যোগাযোগ বিভাগের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সেবির এক প্রতিবেদনের উল্লেখ করে বলেন, “সেবি (SEBI) তার ৩ জুন, ২০২৬ তারিখের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে 'রাজেশ এক্সপোর্টস' (Rajesh Exports) নামক এক প্রভাবশালী কোম্পানির বিরুদ্ধে বিশাল দুর্নীতির অভিযোগ এনেছে; কোম্পানিটি স্বর্ণ পরিশোধন ও গহনা ব্যবসার সাথে যুক্ত। সেবি জানিয়েছে যে, ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছর—এই পাঁচ বছর সময়কালে কোম্পানির আয়ের হিসাব ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যার পরিমাণ সম্ভাব্য ১৫ লক্ষ কোটি টাকা পর্যন্ত হতে পারে। এই অঙ্ক সত্যিই বিস্ময়কর। তদন্ত এখনও চলছে এবং চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।”
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন