

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন। বাংলাদেশের নব নির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। রবিবার একথা জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। যদিও ঢাকায় আয়োজিত এই শপথগ্রহণ অনুষ্ঠানে সরকারিভাবে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আগামী ১৭ ফেব্রুয়ারি শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মাননীয় স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের প্রতি জোর দেয়, যা আমাদের দুই জাতিকে আবদ্ধ করে এমন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইতিহাস, সংস্কৃতি এবং পারস্পরিক শ্রদ্ধার দ্বারা ঐক্যবদ্ধ প্রতিবেশী হিসেবে ভারত, মাননীয় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের গঠনকে স্বাগত জানায়, যার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ জনগণের বিপুল সমর্থন পেয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে জানা গেছে, ১৭ ফেব্রুয়ারির শপথগ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতি ভবনের পরিবর্তে জাতীয় সংসদ কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। সদ্য নির্বাচনে জয়ী বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রীসভাকে শপথবাক্য পাঠ করাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন।
রবিবার বিএনপি জানিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস শপথগ্রহণ অনুষ্ঠানে ১৩টি দেশের সরকারী প্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, ভারত, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান।
বাংলাদেশের জাতীয় সংসদের সদ্য সমাপ্ত ত্রয়োদশ সাধারণ নির্বাচনে বিএনপি জোট মোট ২১২ আসনে জয়লাভ করেছে। প্রধান বিরোধী গোষ্ঠী জামায়াত এবং তার সহযোগী দলসমূহ পেয়েছে ৭৭ আসন। জুলাই আন্দোলনে নজর কাড়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জামাত জোটের অংশ হিসেবে ৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬ আসনে জয়ী হয়েছে। বাংলাদেশের সংসদে মোট আসন সংখ্যা ৩০০ এবং নির্বাচন হয়েছে ২৯৯ আসনে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন