

১৮৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অনন্য নজির সৃষ্টি হল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে। গুয়াহাটিতে মধ্যাহ্নভোজের আগে চা পান করা হয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সূর্যোদয় এবং সূর্যাস্তের কারণে এই অস্বাভাবিক সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতের গুয়াহাটিতে এই প্রথম টেস্ট খেলা হচ্ছে। আর সেই টেস্টেই সাধারণ নিয়মের কিছুটা পরিবর্তন হল। টেস্টের প্রথম সেশন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত হয়। তারপর ১১টা থেকে ১১টা ২০ পর্যন্ত চা বিরতি ছিল।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ৮২ রানেই দক্ষিণ আফ্রিকার প্রথম এবং দ্বিতীয় উইকেট পড়ে। প্রথমে জসপ্রীত বুমরাহ-র বলে আউট হনে এইডেন মার্করাম (৮১ বলে ৩৮) পরে কুলদীপ যাদবের বলে আউট হন রায়ান রিকেল্টন (৮২ বলে ৩৫ রান)।
প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটের বিনিময়ে ১৪৮। ৬৪ বল খেলে ২৮ রানে অপরাজিত আছেন ট্রিস্টান স্টাবস এবং ৮০ বল খেলে ৩২ রানে ব্যাট করছেন অধিনায়ক বাভুমা।
এখনও পর্যন্ত বুমরাহ ১১ ওভার করে ১ উইকেট নিয়ে ১৭ রান দিয়েছেন। মহম্মদ সিরাজ ৯ ওভারে ২৯ রান, নীতিশ কুমার রেড্ডি ৪ ওভারে ২১ রান, ওয়াশিংটন সুন্দর ৭ ওভারে ২৩ রান, রবীন্দ্র জাদেজা ৮ ওভারে ১৭ রান এবং কুলদীপ যাদব ১২ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।