Paris Olympics 24: দূষিত প্যারিসের শ্যেন নদী! পিছিয়ে গেল অলিম্পিক্সের এই গুরুত্বপূর্ণ ইভেন্ট
প্যারিসের শ্যেন নদীতে দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। যার জেরে অলিম্পিকের ট্রায়াথলন প্রতিযোগিতা পিছিয়ে দিতে বাধ্য হল কর্তৃপক্ষ।
প্যারিস অলিম্পিক্সের শুরু থেকেই বিতর্কে জড়িয়েছে ফ্রান্স। কখনও ধর্মীয় ভাবাবেগে আঘাত তো কখনও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার একটি ইভেন্টই পিছিয়ে দেওয়ার কথা জানা যাচ্ছে। প্যারিসের শ্যেন নদীতেই অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। সেই নদীতেই দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার এই ইভেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ জানায়, টানা দু'দিন বৃষ্টির কারণে নদীতে দূষণ বেড়েছে। অ্যাথলিটদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ইভেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইভেন্টটি হবে বুধবার। আগামীকালও ইভেন্ট শুরু করা না গেলে তা হবে শুক্রবার। পুরুষদের পাশাপাশি মহিলাদের ইভেন্টও পিছিয়ে দেওয়া হয়েছে।
ট্রায়াথলনের বৈশিষ্ট্য হল, এই ইভেন্টে একজন অ্যাথলিট সাঁতার, সাইকেলিং এবং দৌড় তিনটি প্রতিযোগিতা মিলিয়ে চ্যাম্পিয়ন নির্বাচিত হন।
প্রসঙ্গত, শ্যেন নদীতে ১০০ বছরেরও বেশি সময় ধরে সাঁতার কাটা নিষিদ্ধ ছিল। কিন্তু ২০১৫ সালে ফ্রান্স সরকার ১ বিলিয়ন পাউন্ড খরচ করে নদীকে দূষণমুক্ত করে। তারপর প্যারিসবাসীকে সাঁতার কাটার অনুমতি দেয়।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

