

আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে ২০২৬-২৭ মরশুমের আইএসএল। শনিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) এক বিশেষ সভায় একথা জানানো হয়েছে। সভায় আইএসএল-এর ভবিষ্যৎ কাঠামো এবং পরিচালন পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
জানা যাচ্ছে, আগামী দিনে এআইএফএফ-এর নাম বদলে গিয়ে ফুটবল ফেডারেশন অফ ভারত করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। যদিও এখনই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত হচ্ছে না বলে জানিয়েছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। তিনি বলে নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হলেও এখনই কিছু হচ্ছে না। কারণ এই পরিবর্তন করতে গেলে প্রথমে কার্যনির্বাহী কমিটির অনুমোদন লাগবে। তারপর বিষয়টি পাঠাতে হবে ক্রীড়ামন্ত্রকের কাছে। অনুমোদন লাগবে ফিফার। সব স্তর থেকে ছাড়পত্র পাওয়া গেলে তখনই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী দিনে আইএসএল কারা পরিচালনা করবে তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এদিনের সভায়। প্রস্তাব অনুসারে, আগামী চার বছরের জন্য লিগ পরিচালনায় কোনও আলাদা সংস্থার হাতে দায়িত্ব দেওয়া হতে পারে। লিগের প্রশাসনিক এবং পরিচালনা সংক্রান্ত কাজের দেখভাল করবে এআইএফএফ। যার বিনিময়ে প্রতি বছর নির্দিষ্ট অঙ্কের টাকা পাবে ফেডারেশন। জিনিয়াস স্পোর্টস-এর কাছ থেকে জবাব পাওয়া গেলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আইএসএল নিয়ে গত ৮ জুন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পরেই এআইএফএফ এবং আইএসএল ক্লাবগুলির মধ্যে নতুন কাঠামো তৈরি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। পরবর্তীতে আইএসএল পরিচালন কমিটিতে অংশগ্রহণকারী দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক হবে। সেখানেই চূড়ান্ত হবে লিগের কাঠামো, সূচী এবং অংশগ্রহণকারী দলের সংখ্যা।
বৈঠকের সূত্র অনুযায়ী আগামী জুলাই মাসের ২৫ তারিখ শুরু হবে ডুরান্ড কাপ প্রতিযোগিতা। এরপরেই ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবার কথা আইএসএল।
এর আগে গত ২৯ মে এক বিজ্ঞপ্তিতে এআইএফএফ জানিয়েছিল চলতি বছরে পুরুষদের মরশুম চলবে ১ জুন, ২০২৬ থেকে ৩১ মে, ২০২৭ পর্যন্ত; এর প্রথম রেজিস্ট্রেশন পর্ব ১২ জুন, ২০২৬ থেকে ৩১ আগস্ট, ২০২৬ পর্যন্ত চলবে এবং দ্বিতীয় রেজিস্ট্রেশন পর্ব চলবে ১ জানুয়ারি, ২০২৭ থেকে ৩১ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত।
মহিলাদের মরশুম শুরু হবে ১ জুন, ২০২৬ থেকে ৩১ মে, ২০২৭ পর্যন্ত; এর প্রথম রেজিস্ট্রেশন পর্ব চলবে ১২ জুন, ২০২৬ থেকে ৩১ আগস্ট, ২০২৬ পর্যন্ত এবং দ্বিতীয় রেজিস্ট্রেশন পর্ব চলবে ১ জানুয়ারি, ২০২৭ থেকে ৩১ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন