লিওনেল মেসির পর চলতি বিশ্বকাপে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন কানাডার স্ট্রাইকার জোনাথন ডেভিড। একতরফা ম্যাচে গত বিশ্বকাপের আয়োজক কাতারকে ৬ গোলের মালা পরিয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নিয়েছে এবারের আসরের সহ আয়োজক কানাডা। তবে ঐতিহাসিক এই জয়ের মধ্যেও কানাডা শিবিরে দুঃস্বপ্ন এসেছে মিডফিল্ডার ইসমায়েল কোনে-র এক ভয়াবহ ও মারাত্মক লেগ ইনজুরিতে।
প্রথম থেকেই দাপট দেখানো কানাডা প্রথমার্ধেই এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোলটি করেন কাইল ল্যারিন। ২৯ মিনিটে ম্যাচে নিজের প্রথম এবং কানাডার হয়ে দ্বিতীয় গোলটি করেন জোনাথন ডেভিড। ৩৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কাতারের আল আমিনকে। প্রথমার্ধের যোগ করা সময়ে দশ জনে পরিণত হওয়া কাতারের জালে ফের বল জড়ান ডেভিড।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে কাতারের মিডফিল্ডার আসিম মাদিবোর এক মারাত্মক ট্যাকলে গুরুতর ইনজুরিতে পড়েন কানাডার ইসমায়েল কোনে। ট্যাকলের আঘাতে মাঠেই কোনের বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে ঝুলে যেতে দেখা যায়। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। লাল কার্ড দেখেন মাদিবোর।
৯ জনের দলে পরিণত হওয়া কাতার দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল হজম করে। ৬৪ মিনিটে স্যালিবার গোলে ব্যবধান বাড়ায় কানাডা। ৭৫ মিনিটে আলআমানি আত্মঘাতী গোল করে কানাডাকে আরও এগিয়ে দেন। এবং শেষে যোগ করা অতিরিক্ত সময়ে স্যালিবার পাস থেকে গোল করে দুর্দান্ত হ্যাটট্রিক করেন জনাথন ডেভিড। ৬-০ ব্যবধানের বড় জয় নিয়ে বিশ্বকাপ জয়ের আশা জিইয়ে রাখলো কানাডা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন