প্রথমার্ধে এমবাপ্পে পেনাল্টি মিস করলেন। দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপ্পেই দলের গোলের মুখ খুললেন। চলতি বিশ্বকাপে এগারোটি গোলে অবদান রাখলেন ফরাসী মহাতারকা। বিশ্বকাপের আসরে একমাত্র খেলোয়াড় হিসেবে দুটি সংস্করণে আটটি গোল করার নজির গড়লেন এমবাপ্পে। বিশ্বকাপে ২০ ম্যাচ খেলে তাঁর গোলসংখ্যা ২০।
ফক্সবর্গে প্রথম থেকে আধিপত্য দেখিয়েই চলতি বিশ্বকাপের শেষ আফ্রিকান প্রতিনিধি মরক্কোকে হারালো ফ্রান্স। এই কোয়ার্টার ফাইনাল যেনো কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি। ২০২২ সালে সেমিফাইনালে এই মরক্কোকেই ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল ফ্রান্স। এবার ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেলো দিদিয়ের দেশঁর বাহিনী।
এই নিয়ে টানা তৃতীয়বার সেমিফাইনাল খেলছে ফ্রান্স। এই কীর্তি কেবল পশ্চিম জার্মানি, ব্রাজিল এবং জার্মানির দখলে রয়েছে। পাশাপাশি, বিশ্বকাপে ব্রাজিলের সমান ৮ বার সেমিফাইনাল খেলার নজির গড়লো ফ্রান্স। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলার নজির অবশ্য জার্মানির। ১২ বার শেষ চারে পৌঁছেছে তারা।
শুক্রবার প্রথমার্ধের ২৪ মিনিটেই এগিয়ে যেতে পারতো ফ্রান্স। তবে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। ইয়াসিন বোনো আটকে দেন এমবাপ্পের শট। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটের মাথায় ডেজায়ার ডুয়ের বাড়ানো বল থেকে মরক্কোর জালে বল জড়িয়ে দেন এমবাপ্পে।
এই গোলের রেশ কাটতে না কাটতেই ফের গোল পেয়ে যায় ফ্রান্স। এমবাপ্পের পাস থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে মরক্কোর গোলরক্ষককে পরাস্ত করেন ওসমান দেম্বেলে। চলতি বিশ্বকাপে এটি দেম্বেলের পঞ্চম গোল। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখে জয় তুলে নিয়েছে গতবারের ফাইনালিস্টরা।
সেমিফাইনালে ফ্রান্স মুখোমুখি হবে বেলজিয়াম ও স্পেনের মধ্যে জয়ী দলের সঙ্গে। আগামী ১৫ জুলাই আর্লিংটনে অনুষ্ঠিত হবে এই সেমিফাইনাল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন