ইজিপ্ট বনাম আর্জেন্টিনার টান টান উত্তেজনার ম্যাচ শেষ হয়ে গেলেও ম্যাচ নিয়ে বিতর্ক অব্যাহত। গতকাল ম্যাচ চলাকালীন ফরাসি রেফারির বেশ কিছু সিদ্ধান্ত এবং ইজিপ্ট কোচ এবং বেশ কয়েকজন কোচিং স্টাফকে হলুদ কার্ড দেখানো নিয়েও বিতর্ক তুঙ্গে। গতকাল ইজিপ্টের কোচ হোসাম হাসান (Hossam Hassan) আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রেফারিকে দুই হাত আড়াআড়িভাবে মাথার ওপর রেখে ফিফার বর্ণবিদ্বেষ বিরোধী সংকেতটি দেখান। এরপরেই রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারের হলুদ কার্ডের মুখে পড়েন ইজিপ্ট কোচ।
ঘটনার সূত্রপাত ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে। যখন ইজিপ্টের দ্বিতীয় গোল ভার প্রযুক্তিতে বাতিল হয়ে যায়। এরপরেই উত্তেজিত হয়ে পড়ে ইজিপ্ট বেঞ্চ। উত্তেজনা আরও বাড়ে আর্জেন্টিনার গোলের পর। ইজিপ্টের দাবি ছিল যে কারণে তাদের গোল বাতিল করা হয়েছিল সেই একই ঘটনা আর্জেন্টিনার গোলের সময় তাদের খেলোয়াড় মহম্মদ সালাহর সঙ্গে ঘটেছে। যদিও তখন ভার প্রযুক্তির সাহায্য নেওয়া হয়নি।
এই সংকেতের অর্থ কী? এই সংকেত দেখালে কী হতে পারে?
হোসাম হাসানকে ফিফার বর্ণবিদ্বেষ বিরোধী চিহ্ন দেখানোর জন্য কেন হলুদ কার্ড দেখানো হয়েছে তা নিয়ে ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। কোনও খেলা চলাকালীন এই চিহ্ন দেখানোর অর্থ ম্যাচ চলাকালীন বর্ণবিদ্বেষের ঘটনা ঘটলে রেফারিকে সতর্ক করা। এই চিহ্ন দেখানো হলে সাধারণভাবে রেফারি তিনটি ব্যবস্থা নিতে পারেন। প্রথমত খেলা সাময়িকভাবে বন্ধ হতে পারে, দ্বিতীয়ত ম্যাচটি স্থগিত করা যেতে পারে এবং চরমতম ব্যবস্থা হিসেবে ওই ম্যাচ বাতিল করা হতে পারে। যদিও এ ক্ষেত্রে এই ধরণের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
গতকালের খেলা নিয়ে সরব হয়েছে সোশ্যাল মিডিয়াও। একাধিক সিদ্ধান্ত নিয়ে খোলাখুলি পক্ষে বিপক্ষে নিজেদের মত প্রকাশ করেছেন নেটিজেনরা। যাঁদের অধিকাংশই মনে করছেন ইজিপ্টের গোল বাতিল ভুল সিদ্ধান্ত এবং খেলায় আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে।
গতকালের ম্যাচে ইজিপ্ট ২-০ গোলে এগিয়ে থাকলেও শেষ ১৩ মিনিটে খেলার গতি সম্পূর্ণ ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা এবং ইজিপ্টের বিরুদ্ধে ৩-২ গোলে জয় ছিনিয়ে নেয়। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন