স্পেনের ত্রাতা সেই মিকেল মরিনো। 'সুপার সাব' হিসেবে নেমে পর্তুগালের পর এবার বেলজিয়ামের বিপক্ষে জয়সূচক গোল করলেন স্প্যানিশ তারকা। বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল লুইস দে লা ফুয়েন্তের বাহিনী।
ইঙ্গলেউডে হাড্ডাহাড্ডি প্রথমার্ধে স্পেন এগিয়ে গেলেও সমতা ফিরে পায় বেলজিয়াম। ৩০ মিনিটে ফেবিয়ান রুইজ গোল করে স্পেনকে এগিয়ে দেন। ৪১ মিনিটের মাথায় চার্লস ডি কেটেলিয়ার গোলে সমতা ফিরে পান কেভিন ডি ব্রুইনরা। চলতি বিশ্বকাপে ৬৫০ মিনিট পর প্রথম গোল হজম করলেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন।
দ্বিতীয়ার্ধে স্পেন আধিপত্য দেখাতে শুরু করে প্রথম থেকেই। গোল না এলেও মুহুর্মুহু আক্রমণ চালাতে থাকেন লামিন ইয়ামালরা। কোণঠাসা বেলজিয়াম আরও সমস্যায় পড়ে ম্যাচের ৭১ মিনিটে।
ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ২০১৮ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া। হতাশ হয়ে মাঠের বাইরে কাঁদতেও দেখা যায় কোর্তোয়াকে। তাঁর পরিবর্তে বেলজিয়ামের গোল বার সামলাতে নামেন সেনে লামিনস। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা স্পেনকে অক্সিজেন এনে দেন মিকেল মরিনো।
৮৬ মিনিটে দানি ওলমোর বদলি হিসেবে নেমে ৮৮ মিনিটের মাথায় গোল করেন এই স্প্যানিশ তারকা। শেষ পর্যন্ত এই লীড বজায় রেখে শেষ চারে জায়গা করে নিয়েছেন লামিন ইয়ামালরা।
১৫ ই জুলাই আর্লিংটনে বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।ভারতীয় সময় বুধবার রাত সাড়ে বারোটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন