মেসির চারপাশে ভিড় করে জড়িয়ে ধরা একেবারেই উচিত হয়নি, যুবভারতী-কাণ্ডে রাজনীতিকদের কটাক্ষ বাইচুঙয়ের

People's Reporter: যুবভারতী কাণ্ড প্রসঙ্গে বাইচুঙ ভুটিয়া বলেন, “খেলার মাঠে খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেওয়া উচিত। রাজনৈতিক নেতাদের মেসির চারপাশে ভিড় করে জড়িয়ে ধরা একেবারেই উচিত হয়নি।"
কলকাতা ম্যারাথনে উপস্থিত ছিলেন বাইচুঙ ভুটিয়া
কলকাতা ম্যারাথনে উপস্থিত ছিলেন বাইচুঙ ভুটিয়াছবি সংগৃহীত
Published on

লিওনেল মেসির কলকাতা সফরের সময় যুবভারতীতে বিশৃঙ্খলা প্রসঙ্গে এবারে মুখ খুললেন প্রাক্তন ফুটবল তারকা বাইচুঙ ভুটিয়া। প্রাক্তন ভারত অধিনায়ক কারও নাম উল্লেখ না করে স্পষ্ট জানালেন, মাঠে রাজনীতিবিদদের মেসিকে জড়িয়ে ধরা উচিত হয়নি।

সোমবার কলকাতা ম্যারাথনে উপস্থিত ছিলেন বাইচুঙ ভুটিয়া। সেখানে তিনি যুবভারতী কাণ্ড প্রসঙ্গে বলেন, “খেলার মাঠে খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেওয়া উচিত। রাজনৈতিক নেতা বা অন্যান্য ভিআইপিদের মেসির চারপাশে ভিড় করে জড়িয়ে ধরা বা হ্যান্ডশেক করা একেবারেই উচিত হয়নি। এতে গোটা আয়োজনের মর্যাদা নষ্ট হয়েছে।”

তাঁর কথায়, আমার ছেলে আমাকে দেখে নয়, মেসিকে দেখেই ফুটবলের ভক্ত।

এদিনের কর্মসূচীতে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও উপস্থিত ছিলেন। সুজিত বসুর এলাকা লেকটাউনে মেসির ৭০ ফুটের মূর্তি বসানো হয়েছে। মেসি নিজে ভার্চুয়ালি এটি উদ্বোধন করেছেন। বিশ্বকাপ ট্রফি হাতে মেসির ভঙ্গিমায় তৈরি এই মূর্তি দেখে মেসি নিজে এবং তাঁর টিম খুব খুশি হয়েছেন—এ কথা আগেই জানিয়েছিলেন সুজিত বসু।

কিন্তু মূর্তি উন্মোচনের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক। অনেকে মূর্তির গুণগত মান নিয়ে কটাক্ষ করেছেন, কেউ বলেছেন এটা নিম্নমানের শিল্পকর্ম, কেউ আবার পুরো উদ্যোগকেই রাজনৈতিক প্রচার বলে কটাক্ষ করেছেন। এমনকি মূর্তির মুখের আদল নিয়ে হাস্যরসের ঝড় উঠেছে নেটদুনিয়ায়। মাত্র ৪০ দিনে তৈরি এই বিশালাকার মূর্তিকে বিশ্বের সবচেয়ে বড় মেসি মূর্তি হিসেবে দাবি করা হচ্ছে। তবে এদিনের অনুষ্ঠানে মূর্তি নিয়ে বিতর্ক প্রসঙ্গে সুজিত বললেন, “মেসি নিজে প্রশংসা করেছেন। এটা ভারতীয় ফুটবলের একটা গর্বের প্রতীক। কে কী বলছে গুরুত্ব দিচ্ছি না।“

কলকাতা ম্যারাথনে উপস্থিত ছিলেন বাইচুঙ ভুটিয়া
EXCLUSIVE: 'এটা লজ্জার' - যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে আর কী বললেন সুব্রত ভট্টাচার্য?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in