জোরালো কম্পন অনুভূত হল কলকাতায়। শুক্রবার দুপুরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩।
কোথায় উৎসস্থল?
শুক্রবার দুপুর ১টা ২২ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা থেকে ১৭ কিমি দক্ষিণ-পূর্ব এলাকায়, মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার নীচে। কলকাতা থেকে সাতক্ষীরার দূরত্ব একশ কিমিরও কম হওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গেও জোরালো কম্পন অনুভূত হয়েছ।
ভারতের ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, কম্পনের মাত্রা ৫.৫। যদিও মার্কিন ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থার মতে, কম্পনের মাত্রা ৫.৩। ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল উত্তর ২৪ পরগনার টাকী।
কলকাতায় ভূমিকম্পের আতঙ্কে মানুষজনকে বহুতল ছেড়ে বেরিয়ে আসতে দেখা গেছে। অফিস এলাকাগুলি থেকেও কর্মচারীরা নেমে আসে। নবান্ন, নির্বাচন কমিশনের অফিস, বিধানসভা থেকেও করমি-বিধায়করা বাইরে বেরিয়ে আসেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন, ভূমিকম্পের কারণে ভাষণ সাময়িক বন্ধ রাখেন তিনি।
এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সিকিম ও দার্জিলিং পাহাড়ে লাগাতার ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। তথ্য অনুসারে চলতি মাসের ২৬ দিনে সিকিম ও দার্জিলিং পাহাড় কমপক্ষে ৫০ বারের বেশি কেঁপে উঠেছে। সিসমিক জোনেশন ম্যাপে দার্জিলিং থেকে সিকিম সহ পুরো হিমালয় অঞ্চল সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত। যে সিক্স জোনের মধ্যে এই অঞ্চলের অবস্থান সেখানে যে কোনো সময় রিখটর স্কেলে ৮ থেকে ১০ মাত্রার ভূমিকম্প হতে পারে।
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এর সমীক্ষায় আপডেট করা মানচিত্র অনুসারে, ভারতের প্রায় ৬১% ভূমি মাঝারি থেকে উচ্চ ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলের আওতায় পড়ে, যা শহর ও গ্রামীণ উভয় অঞ্চলকেই প্রভাবিত করে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন