শিলিগুড়িতে মন্ত্রীর অফিসে লাইন অন্নপূর্ণায় টাকা না পাওয়া মহিলাদের, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

People's Reporter: গতকাল মন্ত্রী শঙ্কর ঘোষ সমাজমাধ্যমে ঘোষণা করার পর সোমবার সকাল থেকেই তাঁর হিলকার্ট রোডের অফিসে ভিড় জমান টাকা না পাওয়া মহিলারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে।
হিলকার্ট রোডে মন্ত্রীর অফিসের সামনে মহিলাদের ভিড়
হিলকার্ট রোডে মন্ত্রীর অফিসের সামনে মহিলাদের ভিড়নিজস্ব চিত্র
Published on

অন্নপূর্ণা যোজনায় যেসব মহিলারা টাকা পেয়েছেন তাঁদের বাড়ি বাড়ি গিয়ে স্টিকার সাঁটিয়ে আসছেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এর পাশাপাশি তিনি ঘোষণা করেছিলেন যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তাঁরা যেন তাঁর অফিসে যোগাযোগ করেন। মন্ত্রীর এই ঘোষণাই কার্যত ব্যুমেরাং হয়ে দেখা দিয়েছে। সোমবার দলে দলে মহিলা শিলিগুড়ির হিলকার্ট রোডে মন্ত্রীর বাড়ির সামনে ভিড় জমিয়েছেন। একসময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় বাধ্য হয় মন্ত্রীর অফিসের সামনে ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ মোতায়েন করতে হয়।

তবে মহিলারা মন্ত্রীর অফিসের সামনে ভিড় জমালেও খোদ মন্ত্রী শিলিগুড়িতে নেই। তিনি গতকালই সমাজমাধ্যমে ওই ঘোষণা করে কলকাতায় চলে গেছেন। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক লাইভে তিনি এই ঘোষণা করেছিলেন। ওই বার্তায় অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, ‘আজ এবং আগামীকাল দুপুর পর্যন্ত হিলকার্ট রোডের বিধায়ক সেবা কেন্দ্রে গিয়ে আবেদনের ক্রম এবং অন্যান্য তথ্য দিয়ে আসবেন। আমরা চেষ্টা করবো এই তথ্য মহিলা ও শিশু কল্যাণ দপ্তরে পৌঁছে দেবার।’ ওই লাইভেই তিনি জানিয়েছিলেন, শিলিগুড়িতে ৩৫ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁদের বাড়িতে বাড়িতে স্টিকার লাগানোর কাজ চলছে।

তবে মন্ত্রীর দাবি অনুসারে ৩৫ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেলেও এখনও বহু মহিলাই অন্নপূর্ণার টাকা পাননি বলেই অভিযোগ জানিয়েছেন। গতকাল বিধায়ক সমাজমাধ্যমে ঘোষণা করার পর সোমবার সকাল থেকেই তাঁরা ভিড় জমান হিলকার্ট রোডের অফিসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। একসময় বিক্ষোভের মত পরিস্থিতি তৈরি হলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

সোমবার মন্ত্রীর অফিসের সামনে জড়ো হওয়া মহিলাদের অনেকেরই দাবি, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও, গরিব হওয়া সত্ত্বেও টাকা পাননি। কিন্তু অযোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। অনেকেই জানিয়েছেন, সব তথ্য দেবার পরেও তাঁদের বঞ্চিত করা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে তাঁদের ব্যাপক হয়রানির মুখে পড়তে হয়েছে বলেও তাঁদের অভিযোগ।

তাৎপর্যপূর্ণভাবে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের অনুপাতে বেশি। যেখানে পুরুষ ভোটারের সংখ্যা ৯৯,৯২০ সেখানে মহিলা ভোটারের সংখ্যা ১,০০,৮৪৪। এই সংখ্যক মহিলার মধ্যে অন্নপূর্ণা যোজনার বয়সের নিরিখে, অর্থাৎ ২৫ থেকে ৬০ বছরের মধ্যে কতজন পড়েন, বা কতজন যোগ্য এবং কতজন অযোগ্য সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট প্রকাশিত তথ্য নেই।

তবে আনুমানিকভাবে সাধারণ প্রবণতার মাপকাঠিতে যদি ধরে নেওয়া হয় এই সংখ্যা ৬০ থেকে ৬৫ শতাংশ সেক্ষেত্রে এই বয়সী মহিলার সংখ্যা হবে প্রায় ৬৫ হাজার। অর্থাৎ মন্ত্রীর দাবি মত এখনও পর্যন্ত যদি ৩৫ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে থাকেন তাহলে প্রায় ৩০ হাজার মহিলা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি।

হিলকার্ট রোডে মন্ত্রীর অফিসের সামনে মহিলাদের ভিড়
Annapurna Yojona: ফর্ম পূরণ করেও মেলেনি টাকা, অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক জেলায় ক্ষোভ
হিলকার্ট রোডে মন্ত্রীর অফিসের সামনে মহিলাদের ভিড়
Annapurna Yojana: মেলেনি অন্নপূর্ণার টাকা, জেলায় জেলায় বিক্ষোভ, অবরোধ; ক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in