অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভ। অন্নপূর্ণা যোজনায় টাকা না পেয়ে শুক্রবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, বাঁকুড়া, হুগলী থেকে বিক্ষোভের খবর পাওয়া গেছে। শুক্রবারই মহিলাদের বিক্ষোভে পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক ভবনে বৈঠক ছেড়ে উঠে আসতে বাধ্য হন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ক্ষুব্ধ মহিলারা অন্নপূর্ণা যোজনায় অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছেন।
শুক্রবার পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের অফিসে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠক চলাকালীন অন্নপূর্ণা যোজনায় টাকা না পাওয়া ক্ষুব্ধ মহিলারা জেলাশাসকের দফতরে ঢুকে পড়েন। বৈঠক বন্ধ করে নীচে নেমে এসে বিক্ষুব্ধ মহিলাদের অগ্নিমিত্রা বলেন, সবে তো একশো দিন হয়েছে। একটু সময় দিন।
মন্ত্রী আরও বলেন, ভেরিফিকেশনে কেন নাম কাটা গেছে দেখছি। বিক্ষুব্ধ মহিলারা অভিযোগ করেন, তাঁরা জুন, জুলাই মাসেও টাকা পাননি এবং টাকার জন্য তাদের এ অফিস, ও অফিস ছোটানো হচ্ছে। অগ্নিমিত্রা পাল জানান, আপনারা বিডিও ও এবং এসডিও অফিসে যান, সেখানে কাগজ জমা দিন। মন্ত্রীর আশ্বাসের পর ক্ষুব্ধ মহিলারা ওই জায়গা ছেড়ে চলে যান।
অন্যদিকে এদিনই অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া মহিলারা বিক্ষোভ দেখান দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। রাজপুর সোনারপুর পুরসভায় জড়ো হয়ে ক্ষুব্ধ মহিলারা বলেন, সরকার বলেছিল সবাইকে তিন হাজার টাকা করে দেবে। কিন্তু যাঁদের পাওয়ার কথা তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে না। আর যাঁদের সব আছে তারা টাকা পেয়ে যাচ্ছে। মহিলাদের বক্তব্য, কেন কিছু লোক পাবে, কিছু লোক পাবে না? প্রতি মাসেই তাই হচ্ছে। আমাদের টাকা পাওয়ার জন্য হয়রানি করছে। কেন আমরা টাকা পাবনা?
এক মহিলা বলেন, এঁরা আমাদের জন্য ভোট পেয়েছে। আমরা যদি ভোট না দিই তাহলে কীভাবে মন্ত্রী হবে? এই সরকার মানুষের কোনও দাম দিচ্ছে না। এরা কিছু লোককে দিচ্ছে, কিছু লোককে দিচ্ছে না। তিনি আরও বলেন, সরকার তো আগে বলেনি যে কেউ পাবে কেউ পাবেনা। এখন আমাদের সবাইকে ছুটিয়ে মারছে এ অফিস থেকে ও অফিস।
উত্তর ২৪ পরগনাতেও অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে হাবড়া, বিরাটিতে রেল অবরোধ করেন মহিলারা। কিছু মহিলা বিক্ষোভ দেখান হাবড়া পুরসভাতে। এখানে মহিলাদের বক্তব্য, বার বার তাদের তথ্য নিয়ে যাচাই করার কথা বলা হলেও তাদের টাকা আসছে না। তাদের প্রশ্ন কেন তাদের সঙ্গে এই বঞ্চনা করা হচ্ছে। বিক্ষুব্ধরা জানিয়েছেন, হয় সবাইকে একসঙ্গে টাকা দেওয়া হোক। না হলে টাকা দেওয়া বন্ধ রেখে আগে যাচাই প্রক্রিয়া শেষ করা হোক।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ছাড়াও এদিন অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় বিক্ষোভ হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের ধূপগুড়িতে। ধূপগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে মহিলারা বলেন, ক্ষমতায় আসার আগে বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল এখন তা মানছে না। হুগলীতেও চন্ডীতলা ২ বিডিও অফিসে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ দেখান মহিলারা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন