

তৃণমূল কাউন্সিলরের লাথির আঘাতে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় উত্তাল উত্তর ব্যারাকপুর। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ডও করেছে তৃণমূল। নিহতের নাম তুলসী অধিকারী (৮১)। উত্তর ২৪ পরগনার উত্তর ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, ২৩ নম্বর ওয়ার্ডের মণিরামপুরে একটি ‘বেআইনি’ নির্মাণের কাজ চলছিল। স্থানীয় যুবক হেমন্ত অধিকারী ওই নির্মাণের প্রতিবাদ জানান। তুলসী অধিকারী হেমন্তর বাবা। হেমন্তর বাড়ির পাশেই ওই নির্মাণকাজ চলছিল। এই নির্মাণের জেরে তাঁর পরিবারের নর্দমা ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ।
হেমন্তর পরিবারের অভিযোগ, নিকাশি ব্যবস্থায় সমস্যা হওয়ায় প্রথমে কাউন্সিলরের কাছেই গেছিলেন তাঁরা, কিন্তু কাউন্সিলর যারা বেআইনি নির্মাণ করছে তাদের পাশেই দাঁড়ান। এরপরে পুরসভায় যায় পরিবার, অভিযোগ তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। শনিবার এই ঝামেলা চরম আকার নেয়। অভিযোগ, হেমন্ত অধিকারীকে মারধর করতে আসেন কাউন্সিলর। ছেলেকে মারধরের হাত থেকে বাঁচাতে যান তুলসী অধিকারী। অভিযোগ, তাঁকে তখন লাথি মারেন স্থানীয় কাউন্সিলর। অজ্ঞান হয়ে রাস্তায় পরে যান তিনি।
তুলসী বাবুকে উদ্ধার করে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। প্রথমে কাউন্সিলরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ানও রেকর্ড করা হয়েছে।
প্রথমে দলীয় কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উড়িয়ে দিয়েছিল তৃণমূল। পরে রবিবার বিকেলে তাঁকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জানান, ‘‘প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা গ্রহণ করবে। আইন আইনের পথে চলবে।’’
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন