

বাতিল হয়ে গেল কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়নপত্র। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের সঙ্গে তাঁর ব্যবসায়িক চুক্তি থাকা সংক্রান্ত জটিলতায় জনপ্রতিনিধিত্ব আইনের ৯-এ ধারার ভিত্তিতে রিটার্নিং অফিসার তাঁর মনোনয়নপত্র বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
গত মঙ্গলবার শান্তিপুরে এক জনসভা থেকে অভিনব ভট্টাচার্যকে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে পরিচিয় করিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশংসাও করেছিলেন তিনি। কিন্তু তাঁর মনোনয়ন বাতিল হয়ে গেল। তবে এরকম কিছু একটা হতে পারে তা অনুমান করে প্রস্তুতি নিয়ে রেখেছিল তৃণমূল। বিকল্প হিসেবে দলের তরফে সোমনাথ দত্তেরও মনোনয়নপত্র জমা দেওয়ানো হয়েছিল। অর্থাৎ তিনিই এখন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী।
উল্লেখ্য, নির্বাচনী বিধি অনুযায়ী, কোনও ব্যক্তি সরাসরি সরকারি ঠিকাদারিতে বা সরকারের সঙ্গে ব্যবসায়িক স্বার্থে যুক্ত থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারেন না। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে কমিশনের পর্যবেক্ষণ, সরকারি বরাত বা সরবরাহের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় মনোনয়ন জমা দেওয়া আইনবিরুদ্ধ।
মনোনয়ন বাতিলের পর অভিনব ভট্টাচার্য এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, তিনি দলের সঙ্গেই রয়েছেন এবং দল যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ীই এগোবেন।
এ বিষয়ে কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র জানান, “অভিনব ভট্টাচার্য একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ায় তাঁর ব্যবসা সংক্রান্ত কিছু নথি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই তাঁর মনোনয়ন বাতিল হয়েছে।“ তিনি আরও জানান, সোমনাথ দত্তই এবার ঘাসফুল প্রতীক নিয়ে ওই কেন্দ্র থেকে লড়বেন। পরিস্থিতিকে ‘রিলে রেস’-এর সঙ্গে তুলনা করে মহুয়ার মন্তব্য, অভিনব অনেকটা পথ এগিয়ে দিয়েছেন, বাকি পথ শেষ করবেন সোমনাথ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন