Baruipur: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল বারুইপুর; পুলিশের ভূমিকায় প্রশ্ন স্থানীয়দের

People's Reporter: স্থানীয় সিপিআইএম নেতৃত্বের দাবি, দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হলেও এক বিজেপি নেতার হস্তক্ষেপে অভিযুক্তদের ছেড়ে দেয় পুলিশ। পরে একজনকে গ্রেফতার করা হয়।
বারুইপুরে নাবালিকা হত্যার পর স্থানীয় মানুষের বিক্ষোভ
বারুইপুরে নাবালিকা হত্যার পর স্থানীয় মানুষের বিক্ষোভনিজস্ব চিত্র
Published on

১১ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুর এলাকা। পরিবারের অভিযোগ, শনিবার বিকেল থেকেই নিখোঁজ ছিল ওই নাবালিকা। পুলিশকে জানালেও পুলিশ প্রথমে কোনও গুরুত্ব দেয়নি। ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে বলেও তাদের দাবি। স্থানীয় সিপিআইএম নেতৃত্বের দাবি, দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হলেও এক বিজেপি নেতার হস্তক্ষেপে অভিযুক্তদের ছেড়ে দেয় পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, জঘন্য অপরাধে কোনও অভিযুক্তকে ছাড়াতে বিজেপি নেতা চাপ দিয়ে থাকলে তা নিন্দাজনক। এই ঘটনা আইনের শাসনের পরিপন্থী। তিনি বলেন, একদিকে বিজেপি সরকার বলছে আইনের শাসন প্রতিষ্ঠার কথা। আর অন্যদিকে তাদের দলের লোকের কথায় জঘন্য অপরাধে অভিযুক্তকে যদি পুলিশ ছেড়ে দিলে কথার ঠিক উলটো পথে হাঁটা হয়।

স্থানীয় সিপিআইএম নেতা লাহেক আলি সংবাদমাধ্যমে জানান, ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে। দেহ প্লাস্টিক মুড়ে পুকুরে ডুবিয়ে রাখা হয়েছিল। এলাকাবাসী যখন দুষ্কৃতীদের ধরে পুলিশের হাতে তুলে দেয় তখন এলাকার নব বিজেপি নেতা শান্তনু মণ্ডলের নির্দেশে অভিযুক্তদের ছেড়ে দেয় পুলিশ। ধর্ষণে অভিযুক্তরা ছাড়াও বিজেপি নেতা শান্তনু মণ্ডলের গ্রেপ্তারির পাশাপাশি তিনি যে পুলিশ বিজেপি নেতৃত্বের কথায় অভিযুক্তদের ছেড়ে দিয়েছেন তাদেরও শাস্তি এবং সাসপেন্ড করার দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও প্রাথমিকভাবে তারা বিষয়টিতে কোনও গুরুত্ব দেয়নি। স্থানীয়রাই উদ্যোগ নিয়ে এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের একজনকে পুলিশের হাতে তুলে দেয় এবং ওই নাবালিকার দেহ পুকুর থেকে উদ্ধার করে। এরপর স্থানীয় এক বিজেপি নেতার কথায় পুলিশ অভিযুক্তদের ছেড়ে দেয়। এরপরেই এলাকাজুড়ে জনরোষ আছড়ে পড়ে।

রবিবার বাড়ি থেকে কিছুটা দূরে স্থানীয় এক পুকুর থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের আরও অভিযোগ, অভিযুক্তরা সকলেই বিজেপি সমর্থক। ইতিমধ্যেই এই ঘটনায় জনরোষের মুখে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল ওই পরিবারের সঙ্গে তাঁর দেখা করার কথা। দোষীদের কাউকে ছাড়া হবে না এবং প্রত্যেকের কঠোর শাস্তি হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

নাবালিকার পরিবারের সূত্র অনুসারে, ষষ্ঠ শ্রেণীতে পাঠরতা ওই নাবালিকা শনিবার বিকেলে বন্ধুর বাড়িতে গেছিল। এরপর আর বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। পরিবারের কথার সূত্র ধরেই এলাকায় মানুষ স্থানীয় সমস্ত সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে একজনকে চিহ্নিত করে এবং তাঁর থেকে অন্য আরও কয়েকজনের নাম পাওয়া যায়।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় সিপিআইএম নেতা সফিউদ্দিন খান জানান, পুলিশ জোর করে মৃতদেহ গাড়িতে তোলায় সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পড়ে। সাধারণ মানুষ অপরাধীদের ধরে পুলিশের হাতে দেবার পর বিজেপি নেতা শান্তনু মন্ডলের কথায় পুলিশ তাদের ছেড়ে দেয়। এতে মানুষের মধ্যে ক্ষোভ আরো বাড়ে।

বারুইপুরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, বাংলার মানুষ হিসেবে লজ্জা ঢাকার কোনও জায়গা নেই। এই ধরণের ঘটনায় লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। রাজ্যে তো এখন ডবল ইঞ্জিন সরকার। নারী সুরক্ষার প্রশ্নে এরাই তো ভোটের আগে জিরো টলারেন্স-এর কথা বলেছিল। স্থানীয় মানুষ দোষীদের ধরে দিলেও পুলিশ দোষীদের ছেড়ে দিলেন। এই ঘটনায় পুলিশ আধিকারিকদের নিয়েও প্রশ্ন জাগে। ডবল ইঞ্জিন সরকার মানেই কি সেই হাথরস, উন্নাও মনে করিয়ে দেয়?

বারুইপুরে নাবালিকা হত্যার পর স্থানীয় মানুষের বিক্ষোভ
West Bengal: উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তার জন্য ছুটির দিনেও সরকারি কর্মীদের অফিসে হাজিরার নির্দেশ
বারুইপুরে নাবালিকা হত্যার পর স্থানীয় মানুষের বিক্ষোভ
West Bengal: মুখ্যমন্ত্রীর কাছে বিচার চেয়ে সাক্ষাৎ - রাতেই গ্রেপ্তার তামান্না কান্ডের দুই অভিযুক্ত

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in