

এবার ছুটির দিনেও অফিস আসতে হবে সরকারি কর্মীদের! রাজ্য সরকারের সব দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তার জন্য রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের বিভিন্ন সেলের (শাখা) কর্মীদের পালা করে ছুটির দিনগুলিতে অফিসে আসতে হবে। বৃহস্পতিবার দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে প্রয়োজন মতো অফিসে আসেন এবং কাজ পরিচালনা করেন। তাই তাঁদের সহায়তার জন্য শনি, রবিবার বা সরকারি ছুটির দিনে পালা করে ন্যূনতম কর্মীকে (বিজ্ঞপ্তি অনুযায়ী ‘স্কেলিটন স্টাফ’) অফিসে উপস্থিত থাকতে হবে। সরকারি কাজ যাতে নির্বিঘ্নে চলতে পারে সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের অধীনে বিভিন্ন জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও দফতর রয়েছে। মনে করা হচ্ছে, পরবর্তী স্তরে এই সমস্ত দফতরের কর্মীদের ছুটির দিনে অফিসে হাজিরার নির্দেশিকা জারি করা হতে পারে।
অন্যদিকে, গত ২৩ জুন অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিন উপলক্ষ্যে সমস্ত সরকারি দপ্তর বন্ধ থাকবে। ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষ্যে অর্ধদিবস ছুটি থাকবে।