ECI: কমিশনের বৈঠকে SIR নিয়ে চুপ বিজেপি, 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' নিয়ে সরব সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল

People's Reporter: বৈঠকে এসআইআর নিয়ে সরব হয়েছে CPIM এবং এক-দু দফায় ভোট করার দাবি জানিয়েছে। BJP-ও এক-দু দফায় ভোট করার পক্ষে। তৃণমূল বৈঠকে এসআইআর নিয়ে সরব হলেও কত দফায় ভোট চান তারা, তা এড়িয়ে গেছেন।
নির্বাচন কমিশনে বাম ও তৃণমূল প্রতিনিধি দল
নির্বাচন কমিশনে বাম ও তৃণমূল প্রতিনিধি দলগ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

পশ্চিমবঙ্গে এসে স্বীকৃত রাজনৈতিক দলগুলির সাথে বৈঠক করছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সিপিআইএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি ইতিমধ্যেই বৈঠক সেরে নিয়েছে। রাজারহাটের একটি হোটেলে বৈঠক হয়। বৈঠকে এসআইআর নিয়ে সরব হয়েছে সিপিআইএম এবং এক বা দু দফায় ভোট করার দাবি জানিয়েছে তারা। বিজেপিও এক থেকে দু দফায় ভোট করার পক্ষে। অন্যদিকে, তৃণমূল বৈঠকে এসআইআর নিয়ে সরব হলেও কত দফায় ভোট চান তারা, সেই প্রশ্ন এড়িয়ে গেছেন।

বিজেপির বৈঠক

প্রথমে কমিশনের সাথে বৈঠক করেন বিজেপির প্রতিনিধিরা। প্রতিনিধি দলে ছিলেন শিশির বাজোরিয়া, তাপস রায় এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে প্রায় আধ ঘণ্টা বৈঠক করেন তাঁরা।  

বৈঠকের পর সাংবাদিকদের সামনে বিজেপি প্রতিনিধি দল বলে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মোট ১৬ দফা দাবি জানিয়েছে তারা। তার মধ্যে, অল্প সময়ের ব্যবধানে সর্বোচ্চ দু’দফায় ভোট, রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার এবং ভোটের সময় বুথে বুথে ক্যামেরার নজরদারি উল্লেখযোগ্য।

এছাড়াও তারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে ভোটে প্রভাব খাটানোর চেষ্টা হয়। তাই নির্বাচন চলাকালীন এই সংগঠনের সমস্ত অফিস বন্ধ রাখা হোক।

তবে বৈঠকে এসআইআর নিয়ে কোনও কথা বলেনি বিজেপি। তারা জানিয়েছেন, বিষয়টি আদালতে বিচারাধীন। তাই বৈঠকে এই প্রসঙ্গে কোনও কথা বলা উচিত হবে না বলে মনে করেছেন তাঁরা।

সিপিআইএম-এর বৈঠক

কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠকে সিপিআইএম-এর তরফ থেকে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, শমীক লাহিড়ী এবং আরফিন বেগম। এসআইআর-এ সাধারণ মানুষের হয়রানি নিয়ে বৈঠকে সরব হয়েছেন সেলিম। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “ আমরা জানতে চেয়েছি কমিশন একটা ভোটার তালিকা তৈরি করতে গিয়ে মানুষকে শত্রু বানাল কেন? মানুষের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল? কেন নির্বাচন কমিশন হয়ে গেল নির্যাতন কমিশন? ভোটের আগে তো তাদের নিজেদের সম্মান বজায় রাখতে হবে।“

বামেদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই ৬০ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ৬০ লক্ষ ভোটারকে ফিরিয়ে এনে তারপর ভোট করতে হবে, স্পষ্ট জানিয়েছেন সেলিম। দায়িত্বপ্রাপ্ত বিএলও, এইআরও, ইআরওদেরও গাফিলতি আছে এতে বলে অভিযোগ তাঁর।

হিংসামুক্ত নির্বাচনে লক্ষ্যে এক দফায় ভোটের দাবি জানিয়েছে সিপিআইএম। সর্বোচ্চ দু’দফায় ভোট করানো হলেও তাদের আপত্তি নেই।

সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন কী ব্যবস্থা নিচ্ছে তাও বিস্তারিত জানতে চায় সিপিআইএমের প্রতিনিধি দল।

তৃণমূলের বৈঠক

তৃণমূলের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজীব কুমার। বৈঠক সেরে বেরিয়েই সাংবাদিকদের সামনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “আমি মহিলা, আমাকে বলছেন ডোন্ট শাউট! মহিলাদের প্রতি আসলে ওঁদের শ্রদ্ধা নেই। তাই মহিলাদের নামও কেটে দিচ্ছেন। আমার নাম না থাকলে সেটা প্রমাণ করার দায়িত্ব তো আপনার! কেন আমাকে লাইনে দাঁড়াতে হবে? মহিলাদের উপর চেঁচানোটা আপনাদের কাজ নয়।“

তিনি আরও বলেন, “এসআইআর নিয়ে যা-ই বলি, ওঁরা বলছেন, মামলা সুপ্রিম কোর্টে আছে। তা হলে আর আমাদের ডাকলেন কেন? ডেকেছেন যখন, আমাদের কথা তো শুনতে হবে। সুপ্রিম কোর্টে যাওয়াটা কি আমাদের অন্যায় হয়েছে? বেশ করেছি সুপ্রিম কোর্টে গিয়েছি।“

কত দফায় ভোট চায়, এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। তাঁরা জানান, এটা ভোটের দফা আলোচনার জায়গা নয়।

কংগ্রেসের বৈঠক

কংগ্রেসের প্রতিনিধিদলে ছিলেন প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য, আশুতোষ চট্টোপাধ্যায়। বৈঠক শেষে প্রদীপ ভট্টাচার্য জানান, “এক দফা হোক, দু’দফা হোক, তিন দফা হোক— আমরা চাই নিরাপত্তা। নিরপেক্ষ ভাবে ভোট হবে, তা কমিশন নিশ্চিত করুক। এক দফায় ভোট হলে আমরা খুশি হব। কিন্তু নিরাপত্তাই অগ্রাধিকার। কমিশনকে পরিষ্কার করে জানিয়ে এসেছি।“

 কমিশনের বিবৃতি

রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক শেষে কমিশন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বিজেপি, সিপিআইএম, তৃণমূল, কংগ্রেস ছাড়াও ফরোয়ার্ড ব্লক, আম আদমি পার্টি, ন্যাশনাল পিপল্‌স পার্টির প্রতিনিধিরাও এসেছিলেন। প্রতিটি দল শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছে। সকলেই আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলেছেন। এক বা দু’দফায় নির্বাচনের আর্জি জানিয়েছেন। নির্বাচন কমিশনার সকলকে আশ্বস্ত করেছেন।

নির্বাচন কমিশনে বাম ও তৃণমূল প্রতিনিধি দল
"বিচারাধীন" চিহ্নিত ভোটারদের আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার অনুমতি দিতে হবে - কমিশনকে CPIM-এর চিঠি
নির্বাচন কমিশনে বাম ও তৃণমূল প্রতিনিধি দল
Gyanesh Kumar: রবির পরে সোমেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কালো পতাকা, 'গো ব্যাক'

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in