

১৫ মার্চ পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে নির্বাচনের দিন ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। তবে ভোটের সূচি প্রকাশের সময় সম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা এখনও প্রকাশিত হয়নি। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি কমিশন যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল, তাতে প্রায় ৬০ লক্ষের বেশি ভোটারকে ‘বিবেচনাধীন’ (Under Adjudication) হিসেবে রাখা হয়েছিল।
এই বিপুল সংখ্যক আবেদন যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে ৭০৫ জন বিচার বিভাগীয় আধিকারিককে। কমিশন সূত্র অনুসারে, 'বিবেচনাধীন' তালিকার মধ্যে যাঁদের আবেদন বৈধ বলে মনে করা হবে, তাঁদের নাম একটি সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকায় প্রকাশ করা হবে। কমিশনের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, গত সপ্তাহের শুক্রবার বা শনিবারের মধ্যে এই তালিকা প্রকাশ হতে পারে। যদিও নির্ধারিত সময়ের মধ্যে তা প্রকাশ করা সম্ভব হয়নি। এখন কমিশন সূত্রে খবর, আজ সোমবারই প্রকাশ হতে পারে সেই সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary Voter List)।
জানা গেছে, ৬০ লক্ষের বেশি বিবেচনাধীন ভোটারের মধ্যে ইতিমধ্যেই প্রায় ২৮ লক্ষ ৬ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে। প্রথম দফায় সেই নামগুলিই প্রকাশ করা হবে। বাকি আবেদনগুলির নিষ্পত্তি করে পরবর্তী তালিকা প্রতি শুক্রবার প্রকাশ করার পরিকল্পনা রয়েছে কমিশনের। লক্ষ্য, আগামী ৬ এপ্রিলের মধ্যে সমস্ত ৬০ লক্ষ আবেদনের নিষ্পত্তি করা।
সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় দুটি আলাদা তালিকা থাকবে। একটিতে থাকবে যাঁদের নাম নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছে, আর অন্যটিতে থাকবে যাঁদের আবেদন খারিজ হয়েছে। জেলা শাসকের দপ্তর এবং সংশ্লিষ্ট বুথেও এই তালিকার হার্ড কপি রাখা হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in এবং ECI Net অ্যাপের মাধ্যমেও ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারবেন।
তালিকা প্রকাশের আগে সম্ভাব্য অশান্তি এড়াতে নবান্ন থেকে জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। বুথে বুথে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে মোতায়েন হয়েছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ৩১ মার্চের মধ্যে আরও ৩০০ কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছবে। নির্বাচনের আগে মোট ১,৯২০ কোম্পানি অতিরিক্ত বাহিনী আসবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রায় ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
নির্বাচনের সময় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রাজ্যে মোট ৮৪ জন পুলিশ অবজার্ভার থাকবেন। কেন্দ্রীয় বাহিনী কোথায় কত সংখ্যায় মোতায়েন হবে এবং কীভাবে কাজ করবে, তা ঠিক করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর একটি বিশেষ কমিটিও গঠন করেছে।
চূড়ান্ত তালিকায় যাদের নাম উটবে না, তাঁরা চাইলে ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়ে নিজেদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যদিও সেই আবেদনের নিষ্পত্তি কবে হবে এবং আদৌ তা ভোট প্রক্রিয়ার আগে সম্পন্ন করা সম্ভব হবে কিনা সেই প্রসঙ্গে এখনও কিছু জানায়নি নির্বাচন কমিশন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন