

ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। মহিলাদের মন জিততে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ বাড়াল সরকার। আরও ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হল মাসিক ভাতার পরিমাণ। চলতি ফেব্রুয়ারি মাস থেকেই এই বর্ধিত অর্থ কার্যকর হবে।
বৃহস্পতিবার বিধানসভায় ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই এই প্রস্তাব পেশ করেছেন তিনি।
চলতি বছরই বিধানসভা নির্বাচন রাজ্যে। আগে থেকেই গুঞ্জন ছিল মহিলা ভোটের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ বাড়াতে পারে রাজ্য সরকার। সেই গুঞ্জনই সত্যি হল। ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের মোট বরাদ্দ আরও ১৫ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষ থেকেই এটা কার্যকর হবে।
এই প্রকল্পের অধীনে মাসে যাঁরা এত দিন ১০০০ টাকা করে পেতেন (সাধারণ ক্যাটাগরি), তাঁরা এবার থেকে পাবেন ১৫০০ টাকা। তফসিলি জাতি, জনজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ টাকা করে পেতেন, এবার থেকে তাঁরা ১৭০০ টাকা করে পাবেন।
চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, সরকারি এই প্রকল্পে এখনও পর্যন্ত গ্রাহকের সংখ্যা ২ কোটি ২১ লক্ষ। এছাড়া আরও ২০ লক্ষ ৬২ হাজার মহিলার আবেদন জমা পড়েছে। ভোটের আগেই তাঁদের প্রকল্পের আওতায় আনা হবে। নতুন, পুরনো সকলেই বর্ধিত অর্থ পাবেন।
ভোটের আগে পেশ করা এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদেরও খুশি করার চেষ্টা করা হয়েছে। আরও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। আশাকর্মীদের ভাতা ১০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হয়েছে। প্যারাটিচার ও সিভিক ভলান্টিয়ারদেরও মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেকার ভাতারও ঘোষণা করেছে মমতা ব্যানার্জির সরকার। ভোটে জিতে ক্ষমতায় ফিরলে আগামী ১৫ আগস্ট থেকে বেকার ভাতা দেবে রাজ্য সরকার। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর পর্যন্ত, মাসে ১৫০০ টাকা করে পাবেন মাধ্যমিক উত্তীর্ণ ২১ থেকে ৪১ বছর বয়সীরা। এই প্রকল্পের নাম 'বাংলার যুব সাথী'। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৫০০০ কোটি টাকা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন