TMC: তিন দিনে দ্বিতীয়বার শক্তি পরীক্ষায় ডাহা ফেল মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্না এড়ালেন সিংহভাগ বিধায়ক

People's Reporter: আজ মঙ্গলবারও ধর্মতলায় বিক্ষোভ সমাবেশের ডাক দিলেও সাকুল্যে ১০ শতাংশও বিধায়কও উপস্থিত হননি। ফলে এদিনও শক্তি দেখাতে চাইলেও তা পারলেন না সুপ্রিমো।
মঙ্গলবার ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়
মঙ্গলবার ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব চিত্র
Published on

৩১শে মে-র পর ২ জুনেও শক্তি পরীক্ষায় নেমে ডাহা ফেল করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১মে তাঁর ডাকে দলের ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র এক চতুর্থাংশ উপস্থিত হয়েছিলেন কালীঘাটে। ফলে সেই বৈঠক বাতিল করে দিতে হয়। আর আজ মঙ্গলবারও ধর্মতলায় বিক্ষোভ সমাবেশের ডাক দিলেও সাকুল্যে ১০ শতাংশও বিধায়কও উপস্থিত হননি। ফলে এদিনও শক্তি দেখাতে চাইলেও তা পারলেন না সুপ্রিমো।

সোমবার দলের দুই বিধায়ককে বহিষ্কার করার পর বর্তমানে তৃণমূলের বিধায়ক সংখ্যা ৭৮। যদিও মঙ্গলবার ওয়াই চ্যানেলের বিক্ষোভে এসেছিলেন মাত্র জনা ছয়েক বিধায়ক। যাঁদের মধ্যে ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, ফিরহাদ হাকিম, বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, অশোক দেব প্রমুখরা। ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মালা রায়, ডেরেক ও ব্রায়েন সহ জনা পাঁচেক সাংসদও। আর ছিলেন দলের এই চরম দুঃসময়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে না চলে যাওয়া বেশ কিছু সাধারণ মানুষ।

তবে বিধায়ক বা সাংসদদের বড়ো অংশকেই পাশে না পেলেও তিনি এখনও আত্মবিশ্বাসের সঙ্গেই এদিন বলেছেন “জিয়েঙ্গে তো বিজেপি কো হাটাকে যায়েঙ্গে”। তিনি আরও বলেন, বিজেপি বাদে সব রাজনৈতিক দলের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। এদিনের ভাঙা হাট থেকে তাঁর অভিযোগ, বিজেপি বিধায়ক ও সাংসদদের ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের বিধায়ক, সাংসদ, কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যান্ড মাইক নিয়ে বলেন, দলীয় বিধায়কদের বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। পুলিশ গিয়ে তৃণমূল ছাড়তে বলছে। নতুন তৃণমূল তৈরি করতে বলছে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে বুলডোজার রাজনীতি চলছে। সকলকে হুমকি দেওয়া হচ্ছে। ধর্নাস্থলে উপস্থিত পুলিশদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কাউকে আটকাবেন না। এখানে আসতে দিন। নাহলে লালবাজার ঘেরাও হবে, নবান্ন ঘেরাও হবে, সব থানা ঘেরাও হবে।

তৃণমূলের অভিযোগ, রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে মঙ্গলবারের ধর্নার জন্য রানি রাসমণি রোডে জায়গা চেয়ে আবেদন করা হলেও তা পাওয়া যায়নি। পরিবর্তে ওয়াই চ্যানেলে ধর্না কর্মসূচি হয়। যদিও তা নিয়েও যথেষ্ট টানাপোড়েন ছিল এবং দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ধর্নার সময় বেঁধে দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মাইকের অনুমতি দেওয়া হয়নি। ইচ্ছে করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি। আমিও দেখবো, ভবিষ্যতে ওখানে কোনও রাজনৈতিক কর্মসূচি হয় কিনা। হলেই আমি কোর্টে যাবো।

মঙ্গলবার ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়
TMC: সই-জাল কাণ্ডের জের! ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল
মঙ্গলবার ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়
TMC: তৃণমূলের রাশ শেষমেশ কি অন্য কোনও বন্দ্যোপাধ্যায়ে! মহারাষ্ট্রের ছকে দলের অন্দরে বর্গি হানা?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in