অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় গ্রেফতার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সুমিত রায়ের রক্ষাকবচ খারিজ করে দেয়। আদালতে রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এরপরেই সুমিত রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গ্রেপ্তারের পর তাঁকে ভবানী ভবনে নিয়ে যাচ্ছে সিআইডি।
সূত্র অনুসারে, শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে সুমিত রায়কে। এদিন সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে তাঁর রক্ষাকবচ খারিজ করে দেবার পরেই বিশাল পুলিশবাহিনী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যায়। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে সিআইডি। এঁর আগে হাইকোর্টেও শালবনি জমি দুর্নীতি মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেছিল। এই মামলায় তিনিই অন্যতম অভিযুক্ত।
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে আজ সুমিত রায়ের আগাম জামিনের মামলা ওঠে। শুনানিতে রাজ্যের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, গত জুন মাসে সুমিত রায়ের অ্যাকাউন্টে ৭১ লক্ষ টাকা ঢুকেছে। তাঁর অ্যাকাউন্টে মোট জমা হয়েছে ১৫ কোটি টাকা। এই টাকার উৎস নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়।
এর আগে সুমিত রায়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছিল রাজ্য। সুমিতের হয়ে আদালতে এক লিখিত নথি জমা করেন তাঁর আইনজীবী। যদিও সুপ্রিম কোর্ট সুমিত রায় তদন্তে সহযোগিতা করেননি বলে তাদের পর্যবেক্ষণে জানিয়েছে। এরপরেই তাঁর রক্ষাকবচ তুলে নেবার সিদ্ধান্ত জানানো হয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন