Baruipur: মা গুরুতর অসুস্থ; সিপিআইএম নেতা লাহেক আলীকে অন্তর্বর্তীকালীন জামিন দিল কলকাতা হাইকোর্ট

People's Reporter: CPIM নেতা লাহেক আলীকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বিশেষ পরিস্থিতিতে তাঁকে জামিন দেওয়া হয়েছে।
সিপিআইএম নেতা লাহেক আলী
সিপিআইএম নেতা লাহেক আলীফাইল ছবি, লাহেক আলীর ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

অন্তর্বর্তীকালীন জামিন পেলেন বারুইপুরের সিপিআইএম নেতা লাহেক আলী। বারুইপুর কান্ডের পর দোষীদের শাস্তির দাবিতে হওয়া বিক্ষোভে নেতৃত্ব দিয়ে তিনি গ্রেপ্তার হন। উস্কানি দেওয়া ও বিক্ষোভ সংগঠিত করার অভিযোগে গত ১২ জুলাই রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার ২ সেপ্টেম্বর তাঁর মায়ের গুরুতর শারীরিক অসুস্থতার কারণে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।

জানা গেছে, সিপিআইএম নেতা লাহেক আলীকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবার কারণে বিশেষ পরিস্থিতিতে তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্তসাপেক্ষে তাঁর আইনজীবীর করা আবেদন মঞ্জুর করেন। আদালত জানিয়েছে, এই সময় লাহেক আলী এলাকার বাইরে যেতে পারবেন না এবং বারুইপুর থানা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে হাজিরা দিতে হবে।

গত জুলাই মাসে বারুইপুরে এক নাবালিকার গণধর্ষণ, হত্যা এবং তার পরবর্তী সময়ে গণপিটুনিতে হত্যার পর সিপিআইএম নেতা লাহেক আলীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয় উস্কানি দেবার, প্ররোচনা দেবার। আদালতে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের যুক্তি খন্ডন করে লাহেক আলির আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পুলিশ পক্ষপাতদুষ্ট তদন্ত করছে। মুখ্যমন্ত্রীকে খুশি করতে লাহেক আলিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের নামে প্রহসন চলছে। ভিডিওতে দেখা গেছে লাহেক আলি ক্ষিপ্ত জনতাকে থামানোর চেষ্টা করছে। অথচ তাঁর নামেই পক্ষপাতদুষ্ট তদন্ত চালু? এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা।

লাহেক আলির গ্রেপ্তারি প্রসঙ্গে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছিলেন, রাজনৈতিক কারণেই গ্রেপ্তার করা হয়েছে লাহেক আলিকে। আসলে সরকার ভয় দেখাতে চাইছে। অন্যদিকে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ লাহেক আলির গ্রেপ্তারি প্রসঙ্গে জানান, পুলিশকে কাজে লাগিয়ে লাহেক আলিকে গ্রেপ্তার করেছে রাজ্য সরকার। এর বিরুদ্ধে আদালতে গিয়েই আমরা জয় ছিনিয়ে আনবো।

গ্রেপ্তারি প্রসঙ্গে সেইসময় লাহেক আলী জানিয়েছিলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ইচ্ছে করে তাঁকে ফাঁসানো হয়েছে। মিথ্যা অভিযোগে রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

নাবালিকার ধর্ষণ এবং হত্যার ঘটনা সামনে আসার পর স্থানীয় সিপিআইএম নেতা লাহেক আলি সংবাদমাধ্যমে জানান, ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে। দেহ প্লাস্টিক মুড়ে পুকুরে ডুবিয়ে রাখা হয়েছিল। এলাকাবাসী যখন দুষ্কৃতীদের ধরে পুলিশের হাতে তুলে দেয় তখন এলাকার নব বিজেপি নেতা শান্তনু মণ্ডলের নির্দেশে অভিযুক্তদের ছেড়ে দেয় পুলিশ। ধর্ষণে অভিযুক্তরা ছাড়াও বিজেপি নেতা শান্তনু মণ্ডলের গ্রেপ্তারির পাশাপাশি তিনি যে পুলিশ বিজেপি নেতৃত্বের কথায় অভিযুক্তদের ছেড়ে দিয়েছেন তাদেরও শাস্তি এবং সাসপেন্ড করার দাবি জানান।

সিপিআইএম নেতা লাহেক আলী
Baruipur: বারুইপুরে এনকাউন্টার! গভীর রাতে পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের
সিপিআইএম নেতা লাহেক আলী
Baruipur: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল বারুইপুর; পুলিশের ভূমিকায় প্রশ্ন স্থানীয়দের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in