Agnimitra Paul: 'কোনো বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি' - ফুটপাথকান্ডে সমালোচিত হয়ে সাফাই মন্ত্রীর

People's Reporter: সোমবার সকালে সমাজমাধ্যমে এক ভিডিও এবং লিখিত বার্তায় তিনি জানান, “ওভাবে একটা ব্যস্ত রাস্তায় একটা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে—শুধু ওখানে নয়, এই দৃশ্য কলকাতার অনেক জায়গাতেই দেখা যায়।
গত শনিবার পার্ক স্ট্রিটের ফুটপাথে মন্ত্রী অগ্নিমিত্রা পাল
গত শনিবার পার্ক স্ট্রিটের ফুটপাথে মন্ত্রী অগ্নিমিত্রা পালছবি মন্ত্রী অগ্নিমিত্রা পালের ফেসবুক পেজের ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

ফুটপাথকান্ডে চরম সমালোচনার মুখে পড়ে অবশেষে ভিডিও বার্তায় ব্যাখ্যা দিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল দাবি করলেন, ‘কোনো বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি। সরে যেতে বলা হয়েছে।’ গত শনিবার পার্কস্ট্রিটের ঘটনায় মন্ত্রীর ভূমিকায় ইতিমধ্যেই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। কোনও কোনও মহল থেকে মন্ত্রীর ওই আচরণকে 'অমানবিক' বলেও অভিহিত করা হয়।

সোমবার সকালে সমাজমাধ্যমে এক ভিডিও এবং লিখিত বার্তায় তিনি জানান, “ওভাবে একটা ব্যস্ত রাস্তায় একটা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে—শুধু ওখানে নয়, এই দৃশ্য কলকাতার অনেক জায়গাতেই দেখা যায়। একটা দুর্ঘটনা যখন-তখন হয়ে যেতে পারে। কে দায় নেবে তার? যারা কাল থেকে মানবিকতার কথা বলছেন, তাঁরা?”

ওই বার্তাতেই রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের সমালোচনা করে তিনি বলেন, “যে সরকার বছরের পর বছর ধরে ফুটপাথে মানুষদের বসিয়েছেন, কর্মসংস্থান করেননি, শুধু তোলাবাজি, ঘুষ আর যত রকমের দুর্নীতি হয়, সেগুলো করে গেছেন গত ১৫ বছর ধরে—তাঁরা আজ জনদরদী?”

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী দাবি করেন, “ফুটপাথ গরিব বা বড়লোককে আলাদা করে চেনে না। ফুটপাথে যারা হাঁটছেন, তাঁরা সবাই মানুষ। মাননীয় সুপ্রিম কোর্টের রায়—ফুটপাথকে হাঁটাচলার উপযোগী করে তুলতে হবে। ফুটপাথ মানুষের হাঁটাচলার জন্য, বসবাস করার জন্য নয়।”

মন্ত্রী অগ্নিমিত্রা পালের মতে, “আমি জানি, আমাদের সরকার অনেক বড় ম্যান্ডেট নিয়ে এসেছে, তাতে বিরোধীদের সমস্যা হওয়ারই কথা। ফুটপাথ থেকে হকার সরাতে গেলে আপনাদের অসুবিধা, অবৈধ পার্কিং সরাতে গেলে আপনাদের অসুবিধা, যারা রীতিমতো ফুটপাথকে বাসস্থান বানিয়ে ফেলেছেন, তাঁদের সরাতে গেলে আপনাদের অসুবিধা। আপনাদের সুবিধা বা অসুবিধা দেখে তো সরকার কাজ করবে না।”

কার্যত নিজের কাজের পক্ষে সাফাই দিয়ে তিনি বলেন, “আজ বিনিয়োগের কথা হচ্ছে, নতুন শিল্পপতিদের সঙ্গে কথা হচ্ছে, শিল্প আনার চেষ্টা চলছে। যাঁদের ডাকা হচ্ছে, তাঁরা এসে যদি দেখেন রাস্তাঘাট যানজটে ভরা, রাস্তাঘাটের অবস্থা খারাপ, শহরের এই পরিবেশ—তাঁরা কি আসবেন?”

অগ্নিমত্রা পাল জানিয়েছেন, “রাস্তা থেকে ড্রেন, সবকিছু সংস্কারের কাজ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা ঠিক করা হবে। ১৫ বছরে বাংলার যে অবস্থা হয়েছে, তা কোনওভাবেই ১০০ দিনে ঠিক করা সম্ভব নয়। এমনটা নয় যে কোনও মন্ত্র বলে সবকিছু হঠাৎ করে ঠিক হয়ে যাবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যা যা প্রতিশ্রুতি আমরা করেছি, তা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের এবং তা আমরা করব। আশা করি, সাধারণ মানুষ আমার এবং আমাদের সরকারের পাশে থাকবেন।"

গত শনিবার পার্ক স্ট্রিটে এক ফুটপাথবাসী বাচ্চার জন্য দুধ গরম করছিলেন। সেই সময় ওই অঞ্চলে যান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে নিরাপত্তা রক্ষীরা ছাড়াও ছিল বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। সেখানেই ওই ফুটপাথবাসীকে উদ্দেশ্য করে মন্ত্রীকে বলতে শোনা যায়, 'ফুটপাথে বাচ্চার জন্য দুধ গরম করছেন কেন? আমি এগুলো টলারেট করবো না। গরীব বলে ফুটপাথে রান্না করবো, দুধ গরম করবো? শহরের একটা নিয়ম আছে।' যে ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রবল সমালোচনার মুখে পড়েন মন্ত্রী।

গত শনিবার পার্ক স্ট্রিটের ফুটপাথে মন্ত্রী অগ্নিমিত্রা পাল
Kolkata: ১ সেপ্টেম্বর থেকে যত্রতত্র প্রস্রাব, থুতু, আবর্জনা ফেলায় ২০০ টাকা জরিমানা
গত শনিবার পার্ক স্ট্রিটের ফুটপাথে মন্ত্রী অগ্নিমিত্রা পাল
Annapurna Yojana: মেলেনি অন্নপূর্ণার টাকা, জেলায় জেলায় বিক্ষোভ, অবরোধ; ক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in