UP SIR: উত্তরপ্রদেশে বাড়লো সময়সীমা; চূড়ান্ত ভোটার তালিকা ১০ এপ্রিল; ৫ রাজ্যের ভোটে ১৪৪৪ পর্যবেক্ষক

People's Reporter: উত্তরপ্রদেশে আগামী ৬ মার্চ তালিকা প্রকাশের কথা ছিল, যা প্রকাশিত হবে ১০ এপ্রিল। এদিন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের নির্বাচনে ১৪৪৪ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিযুক্ত করা হবে।
পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার
পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারছবি ইসিআই এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

উত্তরপ্রদেশে অনেকটাই পিছিয়ে দেওয়া হল এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, যে তালিকা আগামী ৬ মার্চ প্রকাশের কথা ছিল, তা প্রকাশিত হবে ১০ এপ্রিল। অর্থাৎ বাড়ানো হল একমাসের বেশি সময়। কমিশন জানিয়েছে, উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুরোধে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেশ কয়েকবার পিছিয়ে যাবার পর গত মাসের ৬ তারিখ প্রকাশিত হয়েছিল উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা। এর পরের পদক্ষেপ হিসেবে অভিযোগ ও বক্তব্য জানানোর দিন চূড়ান্ত করা হয়েছিল ৬ ফেব্রুয়ারি। এদিন সেই সময়সীমাও ১ মাস বাড়িয়ে ৬ মার্চ করা হয়েছে। শুনানি ও ভোটারদের নথি যাচাই চলবে ২৭ মার্চ পর্যন্ত। এর পর ১০ এপ্রিল প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

উত্তরপ্রদেশে দফায় দফায় বাড়ানো হয়েছে এসআইআর-এর সময়সীমা। প্রথমে ঠিক ছিল ২০২৫-এর ১১ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে। পরবর্তী সময়ে ১৫ দিন সময়সীমা বাড়ানো হয় এবং ২৬ ডিসেম্বর তালিকা প্রকাশের দিন স্থির হয়। এরপর জানানো হয় ৩১ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে এবং সেদিন আরও সময় বাড়িয়ে চলতি বছরের ৬ জানুয়ারি এই তালিকা প্রকাশের দিন নির্ধারিত হয়।

উত্তরপ্রদেশে এসআইআর খসড়া তালিকায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। যে তালিকা অনুসারে উত্তরপ্রদেশের মোরাদাবাদ, রামপুর, বিজনৌর, সাহারাণপুর, মুজফফরনগর প্রভৃতি অঞ্চলে নাম বাদ যাওয়ার সংখ্যা অনেকটাই কম। ২০১১-র জনগণনা অনুসারে এই সব অঞ্চলই মুসলিম অধ্যুষিত এবং কোনো কোনও জায়গায় মুসলিস জনসংখ্যা ৪০ শতাংশের বেশি। উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা থেকে পাঁচ ভাগের প্রায় এক ভাগ নাম বাদ যাওয়াকে ‘গুরুত্বপূর্ণ বিষয়’ হিসেবেই দেখছে উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য নেতৃত্ব।

অন্যদিকে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত যেসব অঞ্চল, যেমন লখনৌ, প্রয়াগরাজ, গাজিয়াবাদ, কানপুর, মীরাট, গৌতমবুদ্ধ নগর, আগ্রা – এসব অঞ্চল থেকেই সর্বাধিক নাম বাদ পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এইসব অঞ্চলই বিজেপির শক্ত ঘাঁটি। এইসব অঞ্চল থেকে একদিকে যেমন মৃত ভোটারদের নাম বাদ গেছে, তেমনই বাদ গেছে স্থায়ীভাবে অন্য জায়গায় চলে যাওয়া কিংবা একই ভোটারের নাম একাধিক জায়গায় থাকা ভোটারদের।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবার কথা ১৪ ফেব্রুয়ারি। গত ১৬ ডিসেম্বর এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশের পর রাজ্যে এখনও শুনানি পর্ব চলছে এবং তা শেষ হবার কথা ৭ ফেব্রুয়ারি। এই রাজ্যেও তিন জেলা থেকে শুনানির সময় বাড়ানোর আবেদন করা হলেও এখনও পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ বদলের কোনও সম্ভাবনা নেই বলেই জানা গেছে।

শুক্রবার এক প্রেস বিবৃতিতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসাম, কেরালা, পুদুচেরী, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে মোট ১,৪৪৪ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিযুক্ত করা হবে। যার মধ্যে ৭১৪ জন সাধারণ পর্যবেক্ষক, ২৩৩ জন পুলিশ পর্যবেক্ষক, ৪৯৭ জন খরচ সংক্রান্ত পর্যবেক্ষক থাকবেন। গতকাল এবং আজ এই পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার, নির্বাচন আধিকারিক ডঃ সুখবীর সিং সান্ধু এবং ডঃ বিবেক জোশী।

পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার
UP SIR: শক্ত ঘাঁটি থেকেই বেশি সংখ্যক নাম বাদ - উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা নিয়ে শঙ্কায় বিজেপি
পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার
UP SIR: উত্তরপ্রদেশে খসড়া তালিকায় নাম বাদের শীর্ষে লখনৌ, প্রয়াগরাজ - সবথেকে কম বুন্দেলখন্ড অঞ্চলে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in