সমস্ত বেসরকারি স্কুলকে বাধ্যতামূলক ভাবে তাদের নোটিশ বোর্ডে সরকার নির্ধারিত টিউশন-ফি-এর বিবরণ লাগিয়ে রাখতে হবে। তামিলনাড়ু সরকার রাজ্যে স্কুল ফি সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে আসার পর এই নির্দেশিকা জারি করেছে। সদ্য ক্ষমতাসীন থালাপতি বিজয়ের (Thalapathy Vijay) সরকারের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মানুষ।
সম্প্রতি তামিলনাড়ু সরকারের কাছে অভিযোগ এসেছিল, বহু বেসরকারি স্কুল নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে বিপুল পরিমাণ টাকা ছাত্র ছাত্রীদের কাছ থেকে আদায় করছে। এই অভিযোগ সামনে আসার পরেই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
থালাপতি বিজয়ের তামিলিগা ভেত্তরি কাজাঘাম (টিভিকে) দলের সরকারের নির্দেশ অনুসারে, আগামী ৪ জুন থেকে সব সরকারি এবং বেসরকারি স্কুল খোলার পরেই স্কুলে স্কুলে টিউশন ফির বিবরণ টাঙিয়ে দিতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও বেসরকারি স্কুল সরকার নির্ধারিত ফি-র চেয়ে বেশি ফি নিলে তাদের স্বীকৃতি বাতিল করে দেওয়া হবে।
এর পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, অভিভাবকদের কাছ থেকে স্কুলে ভর্তির সময় কোনও অতিরিক্ত ফি নেওয়া চলবে না। এই মুহূর্তে তামিলনাড়ুতে প্রায় ১৩ হাজার বেসরকারি স্কুলেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
তামিলনাড়ু শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, তামিলনাড়ু স্কুল (ফি আদায় নিয়ন্ত্রণ) সংশোধনী আইন (Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Amendment Act) দ্বারা এই নিয়মকে আরও আঁটোসাঁটো করা হয়েছে। এই আইনের অধীনে সমস্ত উচ্চপদস্থ কর্তা এবং শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত এক কমিটি স্কুলে স্কুলে কত ফি হওয়া উচিত তা নির্ধারণ করেছে।
ওই আধিকারিক আরও জানান, কোনও স্কুল সরকারি নিয়ম ভেঙে অতিরিক্ত ফি আদায় করলে অভিভাবকরা সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে অভিযোগ জানালে সেই স্কুলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন