তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তামিলিগা ভেত্তরি কাজাঘাম (টিভিকে) দলের প্রধান সি জোসেফ বিজয়। দীর্ঘ প্রায় ছয় দশক পর এই প্রথম তামিলনাড়ুতে কোনও অ-ডিএমকে বা অ-এআইএডিএমকে সরকার শপথ নিল। তামিলনাড়ুর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮ আসনে জিতে একক বৃহত্তম দল হয় বিজয়ের নবগঠিত টিভিকে।
রবিবার সকালে ৫১ বছরের বিজয়কে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।
এদিন বিজয়ের সঙ্গেই শপথ নিয়েছেন বর্ষীয়ান কে এ সেনগোট্টাইয়ান, বিজয় ঘনিষ্ঠ আদাভ অর্জুন, সিটিআর নির্মল কুমার, এ রাজমোহন, এন আনন্দ, কে টি প্রভু, কে জি অরুণরাজ, পি ভেঙ্কটরামানাম, এস কীরথানা।
সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ আসন না থাকায় প্রথমদিকে একক সংখ্যা গরিষ্ঠ দল হওয়া সত্ত্বেও বিজয়ের শপথগ্রহণ ঘিরে কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল। রাজ্যপাল সরকার গঠনের দাবি জানানোর আগে তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলেছিলেন। তিনবার রাজ্যপালের সঙ্গে দেখা করেও এই সমস্যা মেটাতে পারেননি বিজয়। যদিও পরে সিপিআইএম, সিপিআই, কংগ্রেস সহ অন্যান্য দলের পক্ষ থেকে বিজয়কে সমর্থন জানানো হয়। এর পরেই বিজয়ের শপথগ্রহণের বাধা কেটে যায়।
এই মুহূর্তে টিভিকে সরকারের সঙ্গে ১২১ জন বিধায়কের সমর্থন আছে। কংগ্রেস, সিপিআইএম, সিপিআই ছাড়াও বিজয়ের টিভিকে সরকারকে সমর্থন জানিয়েছে ভিসিকে এবং আইইউএমএল। এরপরেই গতকাল শনিবার রাতে বিজয় ফের দেখা করেন রাজ্যপালের সঙ্গে এবং রাজ্যপাল বিজয়ের শপথে সম্মত হন। আগামী ১৩ মে রাজ্য বিধানসভায় বিজয়কে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।
১৯৭৪ সালের ২২ জুন জন্ম বিজয়ের। ১৯৮৪ সালে প্রথম তিনি শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে যোগ দেন। এরপর ১৯৯২ সালে মাত্র ১৮ বছর বয়সে তাঁকে প্রথমবার নায়ক হিসেবে দেখা যায়। দীর্ঘ সময় সাফল্যের সঙ্গে অভিনয় করলেও ২০২৪ সালে রাজনৈতিক দল গঠনের পর তিনি অভিনয় থেকে অবসর নেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন