

হরিয়ানার কুরুক্ষেত্রে অনুষ্ঠিত সংযুক্ত কিষাণ মোর্চার (SKM) জাতীয় কাউন্সিল বৈঠক থেকে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হল। মঙ্গলবারের এই বৈঠকে এসকেএম নেতৃবৃন্দ জানান, এই চুক্তি কার্যকর হলে দেশের কৃষিক্ষেত্র, ছোটো উৎপাদক এবং শ্রমজীবী মানুষের স্বার্থ চরম ক্ষতির মুখে পড়বে। এদিনের বৈঠক থেকে এই চুক্তির বিরুদ্ধে দেশ জুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
বৈঠকের পর এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরুর দিন ৯ মার্চ এসকেএম এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে দিল্লির যন্তর মন্তরে এক ধর্না কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবির পাশাপাশি চারটি শ্রম কোড প্রত্যাহার, কর্পোরেটপন্থী বিদ্যুৎ সংশোধনী বিল ও বীজ বিলের বিরোধিতা এবং মনরেগার পরিবর্তে ‘গ্রাম-জি’ চালুর পরিকল্পনা রদের দাবিও জানানো হবে।
এছাড়াও এই কর্মসূচীর অন্যান্য দাবিগুলির মধ্যে থাকবে কৃষকদের আইনি গ্যারান্টিসহ লাভজনক ন্যূনতম সহায়ক মূল্য, সর্বাত্মক কৃষিঋণ মকুব, ফসল বিমা ব্যবস্থার আমূল সংস্কার এবং কৃষি শ্রমিক ও দরিদ্র কৃষকদের কেন্দ্রীয় বার্ধক্য পেনশনের দাবি।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, আগামী ১০ মার্চ থেকে ১৩ এপ্রিল, জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ডের স্মরণ দিবস পর্যন্ত দেশজুড়ে রাজ্যভিত্তিক মহাপঞ্চায়েত সংগঠিত করা হবে। পাঞ্জাবের বারনালাতে এক বিশাল কিষাণ মহাপঞ্চায়েতের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হবে। পাশাপাশি হাজার হাজার গ্রামসভা করে সাধারণ মানুষের মধ্যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির সম্ভাব্য প্রভাব নিয়ে প্রচার চালানো হবে। ২৩ মার্চ শহীদ দিবসের দিন সারা দেশে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসেবে পালন করারও আহ্বান জানানো হয়েছে।
এদিনের বৈঠকে সভাপতিমন্ডলীতে ছিলেন যোগীন্দর সিং উরঘান, রাকেশ টিকায়েত, ডঃ অশোক ধাওয়ালে, জগমোহন সিং, আশিস মিত্তাল, রাজন কৃষসাগর, যোগীন্দর নায়েন। জাঠ ধর্মশালাতে এই বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী আন্দোলনের সূচি ঘোষণা করেন নেতৃবৃন্দ। উপস্থিত প্রতিনিধিরা প্রয়াত কৃষক নেতা চৌধুরী ছোটু রামের মূর্তিতে মাল্যদান করে আন্দোলনের শপথ নেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন