

ভারতের নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং তার জেরে দেশের রাজনৈতিক মহলে তোলপাড় পরে যাওয়ার পর মুখ্য নির্বাচন কমিশনারের দুটি অনুষ্ঠান স্থগিত করা হল। যদিও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠান স্থগিত করার সঙ্গে সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হওয়া বিতর্কের কোনও সম্পর্ক নেই।
আজ শুক্রবার মীরাট বিশ্ববিদ্যালয়ে এবং আগামী সোমবার ২৮ সেপ্টেম্বর বারাণসীতে জেন-জি যুবকদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দুটি মত বিনিয়ম কর্মসূচি নির্ধারিত ছিল। এছাড়াও মীরাটে এক আঞ্চলিক সেমিনারেও তাঁর ভাষণ দেবার কথা ছিল। যদিও সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং তার পরে ধেয়ে আসা বিতর্কের পর আচমকাই ওই অনুষ্ঠানগুলি স্থগিত করে দেওয়া হয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনারের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল নিয়েও বিতর্ক শুরু হওয়ায় কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই দুই অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল গত ২১ সেপ্টেম্বর। সংবাদ প্রতিবেদন এবং বিতর্কের কারণে ওই অনুষ্ঠান স্থগিত করা হয়নি। কমিশন আরও জানিয়েছে, বিভিন্ন কারণেই যে কোনও অনুষ্ঠান স্থগিত হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সময়সূচি এবং অনুষ্ঠানস্থল না পাওয়ার কারণেও অনুষ্ঠান স্থগিত হতে পারে। এই অনুষ্ঠানগুলি স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়নি।
গতকাল সংবাদ মাধ্যমে দেশের নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল জ্ঞানেশ কুমারের অপসারণ দাবি করেছে। শুক্রবার এই বিষয়ে শীর্ষ আদালতে দায়ের করা হয়েছে এক জনস্বার্থ মামলা। কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিআইএম সহ পাঁচ বাম দল, তৃণমূল, আরজেডি-র পক্ষ থেকে অবিলম্বে জ্ঞানেশ কুমারের অপসারণ এবং বর্তমান এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবি জানানো হয়েছে।
শুক্রবার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। কলকাতায় প্রদেশ কংগ্রেসের ডাকে এক মিছিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে সিইও অফিসে অভিযান চালানো হয়। দিল্লিতেও কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে রাস্তায় নামে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন