দেশের বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে গেছে। বেশ কিছু রাজ্যে এখন এই প্রক্রিয়া চলছে। যদিও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (Special Intensive Revision – SIR) নিয়ে বিতর্ক ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এসআইআর-এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ভোটার তালিকার ঝাড়াই বাছাই অথবা বৈধ ভোটারদের নাম বাদ - এসআইআর-এর মূল লক্ষ্য কী তা নিয়েও বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে।
এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তাতে এসআইআর-এর তৃতীয় পর্যায়ে দেশের ১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা থেকে এসআইআর প্রক্রিয়ার পর খসড়া তালিকায় প্রায় ৬ কোটি ১৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এসআইআর প্রক্রিয়ার আগে এই রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে যেখানে মোট ভোটার ছিল ৩৬ কোটি ৮ লক্ষ ৭ হাজার ৩৯৪ সেখানে এসআইআর প্রক্রিয়ার পর তা কমে হয়েছে ২৯ কোটি ৯৩ লক্ষ ১১৫। অর্থাৎ খসড়া তালিকায় বাদ পড়েছে প্রায় ১৭.০৪ শতাংশ নাম। যা স্থায়ীভাবে স্থানান্তর, মৃত্যু, একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকা এবং অন্যান্য কারণে বাদ পড়েছে বলেছে জানানো হয়েছে।
গত বছরের জুন মাসে বিহার দিয়ে শুরু হয়েছিল এসআইআর-এর কাজ। যে কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে ১৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। বর্তমানে এই প্রক্রিয়া চলছে কর্ণাটক, দিল্লি প্রভৃতি রাজ্যে। এখনও পর্যন্ত খসড়া তালিকায় মহারাষ্ট্র থেকে সবথেকে বেশি নাম বাদ গেছে। খসড়া তালিকা অনুসারে মহারাষ্ট্রে বাদ পড়েছে ২ কোটি ৬ লক্ষ ৮৮ হাজার ৪৮৭ নাম। ফলে ৯ কোটি ৭৮ লক্ষ ৫৪ হাজার ৪৯ জনের ভোটার তালিকা বর্তমানে কমে হয়েছে ৭ কোটি ৭১ লক্ষ ৬৫ হাজার ৫৬২।
এই তালিকায় এর পরেই আছে কর্ণাটক। যেখানে খসড়া তালিকায় বাদ পড়েছে ১ কোটি ৭ লক্ষ নাম। ৭৩ লক্ষ ৩৯ হাজার ২৩৫টি নাম বাদ পড়ে তৃতীয় স্থানে তেলেঙ্গানা। দিল্লিতে খসড়া তালিকায় বাদ পড়েছে ৪৭ লক্ষ ৬ হাজার ৭২২ নাম। শতাংশের বিচারে যা সর্বাধিক। ৩২.৭৮ শতাংশ। অন্ধ্রপ্রদেশে বাদ গেছে ৪৪ লক্ষ ৮৯ হাজার ৫১২ নাম। ঝাড়খন্ডে ৪৩ লক্ষ ৬১ হাজার ৯৮৭ নাম। হরিয়ানায় ৩৩ লক্ষ ৮৩ হাজার ৩০২ নাম। পাঞ্জাবে ২০ লক্ষ ৬৬ হাজার ৬৩৫ নাম, ওড়িশায় ২০ লক্ষ ১২ হাজার ৫৫৭ নাম।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন