SIR-এ নাম বাদ মানে নাগরিকত্ব চলে যাওয়া বা সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে ছাঁটাই নয় - সুপ্রিম কোর্ট

People's Reporter: এখনও পর্যন্ত ট্রাইবুনালে প্রায় ৩৮ লক্ষ ১০ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর পুনর্বহালের জন্য আবেদন করেছেন প্রায় ৭ লক্ষ ভোটার।
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টফাইল ছবি, সংগৃহীত
Published on

পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইবুনাল সংক্রান্ত মামলার শুনানিতে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য চাইল সুপ্রিম কোর্ট। ট্রাইবুনালে মোট কত আবেদন জমা পড়েছে, তার মধ্যে কতগুলির নিষ্পত্তি হয়েছে এবং কত জনের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত হয়েছে, সেই সব তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানিতে নির্বাচন কমিশন জানায়, এ বিষয়ে ইতিমধ্যেই একটি বৈঠক হয়েছে এবং আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই কমিশন নির্দিষ্ট তথ্য আদালতে জানাতে পারবে। এজন্য তারা আরও ১০ দিনের সময় চেয়েছে।

শুনানির সময় সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করে যে, এসআইআর প্রক্রিয়ায় কোনও ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লেও তা নাগরিকত্ব হারানোর সমতুল্য নয় এবং সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা থেকেও তিনি বঞ্চিত হন না। একই সঙ্গে আদালত নির্দেশ দেয়, কমিশনকে হলফনামা দিয়ে জানাতে হবে কত জন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন করেছেন এবং কত জনের নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়েছে। পাশাপাশি বর্তমান ট্রাইবুনালগুলির পক্ষে সব আবেদন নিষ্পত্তি করা সম্ভব কি না, নাকি অতিরিক্ত ট্রাইবুনালের প্রয়োজন রয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা দিতে হবে। বর্তমানে ১৯টি ট্রাইবুনাল কাজ করছে।

উল্লেখ্য, এই বিষয়ে তথ্যের অধিকার আইনের আওতায় প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ট্রাইবুনালে প্রায় ৩৮ লক্ষ ১০ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর পুনর্বহালের জন্য আবেদন করেছেন প্রায় ৭ লক্ষ ভোটার। বাকি ৩১ লক্ষেরও বেশি আবেদন নির্বাচন কমিশন নিজেই জমা দিয়েছে বলে জানা গেছে।

মামলাকারীদের অভিযোগ, ট্রাইবুনালে জমা পড়া আবেদনের নিষ্পত্তি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনা হচ্ছে না। কতগুলি আবেদন মীমাংসা হয়েছে এবং সমস্ত আবেদন নিষ্পত্তি করতে কত সময় লাগতে পারে, সে সম্পর্কেও স্পষ্ট কোনও তথ্য নেই। এদিন মামলাকারীদের পক্ষে আইনজীবী ফিরদৌস শামিম ও বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে আর্জি জানান, অন্তত পুনর্বহালের জন্য জমা পড়া সাত লক্ষ আবেদনকে অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তি করা হোক।

সুপ্রিম কোর্ট
SIR WB: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব হারানো নয় - পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট
WB SIR: ভোটের দু’দিন আগে ট্রাইব্যুনাল যাঁদের ছাড়পত্র দেবে তাঁরা ভোট দিতে পারবেন, রায় সুপ্রিম কোর্টের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in