WB SIR: ভোটের দু’দিন আগে ট্রাইব্যুনাল যাঁদের ছাড়পত্র দেবে তাঁরা ভোট দিতে পারবেন, রায় সুপ্রিম কোর্টের

People's Reporter: যে সমস্ত বিবেচনাধীন ভোটার ট্রাইব্যুনালে আবেদন করবেন, তাঁদের মধ্যে যাঁদের আবেদন নিষ্পত্তি করে ২১ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেওয়া হবে, তাঁরা ২৩ এপ্রিল ভোট দিতে পারবেন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

২১ এপ্রিল পর্যন্ত অর্থাৎ প্রথম দফার ভোট গ্রহণের দু’দিন আগে ট্রাইব্যুনাল যে বিবেচনাধীন ভোটারদের আবেদন নিষ্পত্তি করে ভোটার তালিকায় নাম তোলার ছাড়পত্র দেবে, তাঁরা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রেও ২৭ এপ্রিল পর্যন্ত এই সময় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার একথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

রাজ্যে বিবেচনাধীন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের মধ্যে ২৭ লক্ষের নাম বাদ পড়েছে। নিয়ম অনুযায়ী, ভোটে প্রার্থীদের মনোনয়ন জমা করার শেষ দিনেই ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দিয়েছিল কমিশন। এবার বিশেষ ক্ষমতা প্রয়োগ করল শীর্ষ আদালত। ভোটদানের দু’দিন আগে পর্যন্ত যে বিবেচনাধীন ভোটারদের আবেদন নিষ্পত্তির পরে নাম তালিকায় তোলার জন্য ছাড়পত্র দেবে ট্রাইব্যুনাল, তাঁরা ভোট দিতে পারবেন বলে জানিয়েছে আদালত।

প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। প্রথম দফার ভোটে রাজ্যের ১৫২টি কেন্দ্রে ভোট হবে। এই কেন্দ্রে বাদ যাওয়া যে সমস্ত বিবেচনাধীন ভোটার ট্রাইব্যুনালে আবেদন করবেন, তাঁদের মধ্যে যাঁদের আবেদন নিষ্পত্তি করে ২১ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেওয়া হবে, তাঁরা ২৩ এপ্রিল ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। এক্ষেত্রে ২৭ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ট্রাইবুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেবে, তাঁরা ভোট দিতে পারবেন না। 

ভোটার তালিকায় নাম তোলার জন্য ইতিমধ্যেই  ট্রাইব্যুনালে আবেদন জানানো শুরু হয়ে গেছে। ইসিআইনেট মোবাইল অ্যাপ কিংবা কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। এছাড়া জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে গিয়েও আবেদন করা যাবে। ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে।

সুপ্রিম কোর্টের এই রায়ে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারের জন্য এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন তিনি। কোচবিহারের হেলিপ্যাডে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সকলকে অভিনন্দন। দিনহাটা থেকে হেলিকপ্টারে উঠেই আমি সুখবরটা পেলাম। প্রথম থেকে বলে আসছিলাম, সকলে ধৈর্য ধরুন। আমি খুব খুশি। বিচারব্যবস্থার জন্য গর্বিত। আমিই মামলা করেছিলাম। তাই আজ আমার চেয়ে খুশি কেউ নয়।“

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in