Shehzad Poonawalla: সমাজমাধ্যমে ইস্তফাপত্র প্রকাশ করে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন শেহজাদ পুনাওয়ালা

People's Reporter: ৩১ জুলাই এক্স হ্যান্ডেল বায়োতে বদল করে ‘বিজেপির সর্বভারতীয় মুখপাত্র’ বিষয়টি মুছে দিয়েছিলেন পুনাওয়ালা। তখনই তাঁর দল ছাড়ার ইঙ্গিত পাওয়া গেছিল। যাতে এদিন সিলমোহর দিলেন পুনাওয়ালা নিজেই।
বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা
বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাফাইল ছবি, বিজেপি ওয়েবসাইট থেকে সংগৃহীত
Published on

পাকাপাকিভাবে বিজেপি ছাড়লেন দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) তিনি এই সংক্রান্ত এক বিবৃতি প্রকাশ করেছেন এবং দলের সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের কথা জানিয়েছেন। এর আগে গত ৩১ জুলাই নিজের এক্স হ্যান্ডেল বায়োতে বদল করে ‘বিজেপির সর্বভারতীয় মুখপাত্র’ বিষয়টি মুছে দিয়েছিলেন পুনাওয়ালা। তখনই তাঁর দল ছাড়ার ইঙ্গিত পাওয়া গেছিল। যাতে এদিন সিলমোহর দিলেন পুনাওয়ালা নিজেই।

সোমবার ১৭ আগস্ট পুনাওয়ালা নিজের পোস্টে জানিয়েছেন, তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কাছে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন। পদত্যাগপত্রটিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি মুখপাত্র। তিনি জানিয়েছেন, ‘আর্থিক ও ব্যক্তিগত পরিস্থিতির’ কারণে ৩০ জুলাই তিনি বিজেপির সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ‘শর্তহীনভাবে ইস্তফা’ দেবার প্রস্তাব দিয়ে নীতিন নবীনকে চিঠি লিখেছিলেন। তিনি আরও জানিয়েছেন, দল তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছিল।

শেহজাদ পুনাওয়ালা আরও লিখেছেন, “কিন্তু দীর্ঘ ও বিস্তারিত চিন্তাভাবনার পর আমি এই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমি বিজেপির জাতীয় মুখপাত্রের পদ এবং সক্রিয় প্রাথমিক সদস্যপদ থেকে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য চাপ দেব। গত কয়েকদিনের ঘটনা, যা কিছু নির্দিষ্ট ব্যক্তির সৌজন্যে ঘটেছে এবং যাদের সম্পর্কে আমি আপনাদের বিস্তারিতভাবে বলেছি, তা আমাকে আমার আগের সিদ্ধান্তকে আরও জোরদার করতে এবং তার পক্ষে দাঁড়াতে বাধ্য করেছে”।

যদিও এদিনও পুনাওয়ালা স্পষ্ট ভাবে জানিয়েছেন, তিনি যাই করুন না কেন, প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করে যাবেন এবং বিজেপির স্বপ্ন ও কাজকে সমর্থন করে যাবেন। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কিছু কারণ এবং আর্থিক কারণে তিনি তাঁর পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছেন। এদিনের বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘যেমনটা আমি বলেছি, আমি শুধু ব্যবস্থা ছাড়ছি, ব্যক্তি বা বিচার নয়।’  

রাজনৈতিক মহলের মতে সাম্প্রতিক কোনও ঘটনায় তাঁর সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের মনোমালিন্যের কারণেই আচমকাই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পুনাওয়ালা। ৩৮ বছর বয়সী এই রাজনীতিকের বিজেপি ত্যাগ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।

কিছুদিন আগেও রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন শেহজাদ পুনাওয়ালা। গত ৩১ জুলাই ২০২৪-এর এক পুরোনো পডকাস্টের ভিডিও তিনি শেয়ার করে তিনি জানিয়েছিলেন সক্রিয় রাজনীতি ছেড়ে দেবেন। ৩১ জুলাই পুরোনো সেই ভিডিও পোষ্ট করে তিনি লিখেছিলেন, ‘দু’বছর দেরি হয়ে গেছে।’

অতীতে কংগ্রেস ঘরানার রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন শেহজাদ পুনাওয়ালা। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর মাধ্যমেই তাঁর রাজনীতির জগতে প্রবেশ। এরপর কংগ্রেস সংগঠনের বিভিন্ন ধাপে তিনি একনিষ্ঠ কর্মী হিসেবেই কাজ করেছেন। যদিও ২০১৭ সালে রাহুল গান্ধীর কংগ্রেস সভাপতি নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে তাঁর সঙ্গে কংগ্রেসের মনোমালিন্য হয় এবং তিনি কংগ্রেস ছাড়েন। এর বেশ কিছুদিন পরে তিনি বিজেপিতে যোগ দেন এবং ২০২১ সালে তাঁকে দলের সর্বভারতীয় মুখপাত্র পদ দেওয়া হয়।

বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা
Shehzad Poonawalla: বিজেপি ছাড়ছেন সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা? এক্স বায়োতে বদল নিয়ে গুঞ্জন
বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা
WB Polls 2026: মোদি-শাহকে ধন্যবাদ আমাকে নতুন খেলার সুযোগ দিয়েছে, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in