উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইকে গৃহবন্দী করা হয়েছে। সোমবার চাঞ্চল্যকর এই অভিযোগ জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেস সূত্রের খবর অনুসারে, অযোধ্যায় প্রদেশ সভাপতি অজয় রাইকে পুলিশ গৃহবন্দী করেছে। আগামীকাল মঙ্গলবার অযোধ্যা রাম মন্দিরে তহবিল ও অলঙ্কার আত্মসাতের ঘটনার পর রাম মন্দিরে প্রার্থনা করার কর্মসূচি রয়েছে কংগ্রেসের।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবারের কর্মসূচীর আগে এদিনই অযোধ্যায় পৌঁছান প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই। এরপর রাতের দিকে তাঁর হোটেল ঘিরে ফেলে পুলিশ বাহিনী এবং গৃহবন্দী করা হয়। কংগ্রেসের দাবি, দলীয় কর্মসূচি আটকাতেই এই পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে অজয় রাইয়ের মুক্তির দাবি জানানোর পাশাপাশি কোনো বাধা ছাড়াই কংগ্রেস নেতৃত্বকে রাম মন্দিরে প্রার্থনা করতে দেবারও দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার রাত ১২টা ১৬ মিনিটে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোষ্ট করে অজয় রাই লিখেছেন, "বিজেপি সরকারের স্বৈরাচার এখন তুঙ্গে! ভগবান শ্রী রামের পূজা করার জন্য উত্তর প্রদেশ কংগ্রেস প্রতিনিধিদলের ৩০শে জুন অযোধ্যা যাওয়ার কথা ছিল। আমি অযোধ্যায় পৌঁছানোর সাথে সাথেই বিজেপি সরকার এতটাই ভয় পেয়ে গেল যে পুলিশ আমাকে হোটেল থেকে গ্রেপ্তার করে তাদের জিপে করে নিয়ে গেল।"
তিনি আরও জানান, "অযোধ্যায় জমি কেলেঙ্কারি এবং দান চুরির সাথে জড়িত এই 'দান চোরেরা' রাম ভক্তদের আগমনে ভয় পাচ্ছে কেন? ঈশ্বরের নামে ব্যবসা চালানো লোকদের ধর্ম রক্ষার এই কাপুরুষোচিত প্রচেষ্টা নিন্দনীয়। আমরা থামবও না, মাথা নতও করব না!"
মঙ্গলবারের কংগ্রেস প্রতিনিধিদলে অজয় রাই ছাড়াও থাকার কথা আমেঠির কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মা, সীতাপুরের সাংসদ রাকেশ রাঠোর, প্রয়াগরাজের সাংসদ উজ্জ্বল রমন সিং এবং বারাবাকির সাংসদ তনুজ পুনিয়ার। এছাড়াও উত্তরপ্রদেশ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্বও ওই প্রতিনিধিদলে থাকবেন বলে জানা গেছে।
সোমবার এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) উত্তরপ্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতাপগড় জেলা কংগ্রেস সভাপতি নীরজ ত্রিপাঠীকে কোনো কারণ ছাড়াই এদিন আটক করেছে পুলিশ।
কংগ্রেসের পক্ষ থেকে ওই এক্স বার্তায় বলা হয়েছে, ভগবান রাম কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নন। তিনি সারা দেশের বিশ্বাস এবং সংস্কৃতির প্রতীক। ভক্তদের অযোধ্যা যাওয়া আটকানোর এই প্রচেষ্টা অসাংবিধানিক।
অন্যদিকে কংগ্রেসের এই রামমন্দিরে প্রার্থনা জানানোর কর্মসূচীর কড়া সমালোচনা করেছে রাজ্য বিজেপি। উত্তরপ্রদেশের মন্ত্রী দয়াশঙ্কর সিং এই প্রসঙ্গে জানিয়েছেন, এঁরা হল সেই সমস্ত মানুষ যারা ভগবান রামে বিশ্বাস করেনা। এদের মধ্যে কেউ কেউ তাঁর অস্তিত্বেই বিশ্বাসী নয়। যারা আজ সমালোচনা করছেন তাঁরা এর আগে কখনও রাম মন্দিরে এসেছেন? এই মন্দিরের নির্মাণ কাজে এদের কোনও ভূমিকা আছে?
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন